ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুব ধীরে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস'। ঝড়টি এরইমধ্যে বেশ কয়েকবার দিক পরিবর্তন করেছে। বুধবার বিকাল ৬টায় এটি আরও কিছুটা উত্তর-পূর্ব দিকে এগিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক ঘুর্ণিঝড়ের ক্ষেত্রেই এরকম হয়। ধীরে অগ্রসর হয়। এক্ষেত্রে ঘর্ণিঝড় আরো বেশি শক্তি অর্জন করতে পারে।"
বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, এটি বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঝড়টি আরো জোরদার হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর যথারীতি উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় সংলগ্ন এলাকায় সাগর খুবই উত্তাল।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে দু'নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুবই ধীরে এগুচ্ছে নার্গিস। বৃহস্পতিবার দুপুরের পর নিশ্চিত করে বলা যাবে এটা কোন উপকূল দিয়ে অতিক্রম করবে। তবে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশ মিয়ানমার উপকূল দিয়ে অতিক্রম করতে পারে।"
তিনি বলেন, "ঘুর্ণিঝড়ের ক্ষেত্রে বিভিন্ন কারণে এমন হয়ে থাকে। সমুদ্রের তাপমাত্রা এবং চাপ বলয় এক্ষেত্রে কাজ করে। বাংলাদেশ ও মিয়ানমারের উত্তর-পূর্বদিকে উচ্চ চাপ বলয় সক্রিয় থাকার কারণে ঘূর্ণিঝড় নার্গিস সামনে এগুতে পারছে না। সিডর খুব দ্রুত শক্তি সঞ্চয় করে উপকূলে দিকে এসেছিল। আবহাওয়াগত পারিপার্শ্বিক কারণ সিডরের গতি অর্জনে সহায়তা করেছিল। ঘূর্ণিঝড় নার্গিস আরও শক্তি সঞ্চয় করতে পারে।"
আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ২৬ এপ্রিল লঘুচাপ হিসাবে উৎপত্তির পর ইতিমধ্যেই বেশ কয়েকবার দিক পরিবর্তন করেছে ঝড়টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/২১৩৫ ঘ.
bdnews24