ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) তিন লাখের বেশি শিক্ষার্থীর সনদপত্র ও নম্বরপত্র গাজীপুরের মূল ক্যাম্পাস থেকে দেওয়ার ফলে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীরা। কোনো ভুল সংশোধন করার জন্যও দেশের আনাচে কানাচে থেকে ছুটে আসতে হয় গাজীপুর। একদিন এসেই শেষ হয় না দুর্ভোগ। কোনো কাজের জন্য আসতে হয় দুই থেকে তিন দিন। বাউবি থেকে ঘুরে এসে জানাচ্ছেন অজিত কুমার মহলদার।
শিক্ষার্থীদের দুর্ভোগ কমানোর জন্য বাউবি কর্তৃপক্ষ আঞ্চলিক কেন্দ্র ও টিউটোরিয়াল কেন্দ্রগুলো থেকে সনদপত্র, প্রশংসাপত্র ও নম্বরপত্র দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীদের দাবি এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হোক।
বৃহস্পতিবার গাজীপুরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ক্যাম্পাসে গিয়ে এ সব তথ্য জানা গেছে।
ঠাকুরগাঁও এর শফিউল আলম জেলার রিভারভিউ উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি প্রোগ্রামে পাশ করার পর সনদপত্র নেওয়ার জন্য এ পর্যন্ত তিনবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছেন ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বারবার আসা-যাওয়ায় অনেক টাকা খরচ হচ্ছে। বাউবি কর্তৃপক্ষ সনদপত্রগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক ও টিউটোরিয়াল কেন্দ্রগুলোতে পাঠিয়ে দিলে বারবার এসে ভোগান্তি পোহাতে হয় না।"
শফিউল আলম বলেন, আঞ্চলিক ও টিউটোরিয়াল কেন্দ্রগুলো থেকে সনদপত্র, প্রশংসা পত্র ও নম্বরপত্র সরবরাহ করার জন্য কর্তৃপক্ষ যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হোক।
মানিকগঞ্জের ঘিওর এলাকার আব্দুর রহিম খাঁন মহিলা কলেজের এইচএসসি গ্রোমামের ছাত্র পিযুষ কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার সনদপত্রে বাবার নাম পরিতোষ কুমার দেবনাথের বদলে পরিতোষ দেবনাথ এসেছে।"
তিনি জানান, সংশোধন করার জন্য ব্যাংকে টাকা জমাসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়েও তিন-চারবার বাউবিতে আসা লাগে। তাও ঠিকমতো কাজ হয় না।
ঢাকার শ্যামপুর এলাকার মুনমুন আফরোজ জানান, তিনি ২০০৫ সালে এইচএসসি প্রোগ্রামে পাশ করেছেন দক্ষিণ দনিয়ার হাজী আব্দুল আওয়াল ডিগ্রী কলেজ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, "আমি সারাদিন বসে থেকেও সনদপত্র পাইনি। আমার নম্বরপত্রেও নিজের নাম মুনমুন আরোফ এসেছে।"
তিনি অভিযোগ করেন, বাউবি'র কর্মচারীরা ইচ্ছা করে নামের বানান ভুল লিখে। যাতে তারা শিক্ষার্থীদের জিম্মি করে টাকা কামাতে পারে।
সাহিদা আক্তারও ২০০৫ সালে ওই একই কলেজ থেকে পাশ করেছেন। তিনি জানান, আমি এ পর্যন্ত তিনবার এসেও সনদপত্র তুলতে পারে নি।
হবিগঞ্জের শফিউল আলম চাকলাদার জানান, তিনি ১৯৯৮ সালে এসএসসি প্রোগ্রামে পাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দূর থেকে বার বার আসা কষ্টকর। এতে প্রচুর অর্থও ব্যয় হয়।"
আব্দুর রহিম খাঁন, মুনমুন আফরোজ, সাহিদা আকতার, শফিউল আলম চাকলাদারসহ আরো অনেক শিক্ষার্থী সনদপত্র, প্রশংসাপত্র ও নম্বরপত্র আঞ্চলিক ও টিউটোরিয়াল কেন্দ্র থেকে সরবরাহ করার দাবি জানিয়ে কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি করেন।
বাউবি'র যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএসএম নোমান আলম শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সনদপত্র, প্রশাংসাপত্র ও নম্বরপত্র পেতে জটিলতায় পড়তে হয়।"
তবে তিনি সনদপত্রে বানান ভুল ও কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "শিক্ষার্থীরা যে বানান নিবন্ধনপত্রে লিখে থাকেন সে অনুসারে আমরা সঠিকভাবে বানান সনদপত্রে তুলে ধরার চেষ্টা করি।"
যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সনদ বিতরণ শাখার কোনো কর্মচারী কোনো শিক্ষার্থীর কাছ থেকে অবৈধভাবে টাকা নিলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরসূত্রে জানা গেছে, বাউবি'র সারা দেশে গাজীপুরের মূল ক্যাম্পাস বাদে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি সমন্বয় কার্যালয় ও এক হাজারের বেশি টিউটোরিয়াল কেন্দ্র রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমণ্ডিতে একটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। এছাড়া কুমিল্লা, যশোর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর ও খুলনায়ও আঞ্চলিক কেন্দ্র রয়েছে।
বাউবি'র ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. আলীনূর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে আমাদের নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লক্ষাধিক। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যাও প্রচুর। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের উচিত ওই সব কেন্দ্র ও সমন্বয় কার্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সনদপত্র, প্রশংসাপত্র, নম্বরপত্রসহ প্রদানসহ যাবতীয় কাজ সম্পন্ন করা।"
তিনি জানান, ওপেন স্কুলের শিক্ষার্থীদের আঞ্চলিক কেন্দ্রগুলোর মাধ্যমে শুধু প্রশংসাপত্র দেওয়া হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "শিক্ষার্থীদের সনদপত্র, প্রশংসাপত্র ও নম্বরপত্র আঞ্চলিক কেন্দ্র ও টিউটোরিয়াল কেন্দ্রগুলো থেকে দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটা বাস্তবায়ন করতে একটু সময় লাগতে পারে।"
বানান ভুল প্রসঙ্গে তিনি বলেন, "বানান ভুলের ব্যাপারে কর্তৃপক্ষ ও শিক্ষার্থী উভয়ই দায়ী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমএআর/এমএ/১৮২৫ ঘ.
bdnews24