২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানের একটি চাঁদাবাজি মামলার রায় ৫ মে

আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজি মামলা স্থগিতের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো আদেশ না দেওয়ায় বুধবার ওই মামলায় রায় পিছিয়ে দিয়েছে নিম্ন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজি মামলা স্থগিতের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো আদেশ না দেওয়ায় বুধবার ওই মামলায় রায় পিছিয়ে দিয়েছে নিম্ন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলতাফ হোসাইন বুধবার জানিয়েছেন, আগামী ৫ মের মধ্যে আপিল বিভাগের রায়ের অনুলিপি উপস্থাপন করা না হলে ওই তারিখেই এ মামলার রায় দেওয়া হবে। মামলার রায় ঘোষণার নির্ধারিত দিনে বুধবার আসামিপক্ষের আইনজীবীরা বলেন, মামলাটির কার্যক্রম স্থগিতের বিষয়ে আপিল বিভাগে শুনানি হলেও কোনা আদেশ দেওয়া হয়নি। এ কারণে তারা রায় স্থগিতের আবেদন জানালে বিচারক রায়ের জন্য নতুন তারিখ ঘোষণা করেন। দক্ষিণ কেরাণীগঞ্জ আগানগর এলাকার খাজা সুপার মার্কেটের মালিক হাজী রফিউল আলম গত বছর ৬ মার্চ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এতে সাবেক শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়। বাদী অভিযোগ করেন, আমানের নির্দেশে আসামিরা ২০০৪ সালের ২৬ জুন খাজা সুপার মার্কেটের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মার্কেটের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা। বাদী পরে বাধ্য হয়ে আমানকে ১৫ লাখ টাকা চাঁদা দেন। জরুরি বিধিমালার এ মামলার ১২ আসামির মধ্যে আমানউল্লাহ আমান, এস এম ফিরোজ আলম ও আব্দুল হামিদ লাল কারাগারে রয়েছেন। তবে মজিবুর রহমান দীপু, মাস্তান, সৈকত, মজিবর, হাজী আবদুল লতিফ, মো. হোসেন, জিল্লুর রহমান জিল্লু, আবুল কালাম ও এবং মো. রাজা পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এএল/জেকে/এমএ/১৭০০ঘ.