রাঙামাটি, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের গঙ্গারাম মুখ এলাকায় সন্ত্রাসীদের লাগানো আগুনে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
মঙ্গলবার সকালে তিনি ওই এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙালিদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।
সভায় জেনারেল মইন পাহাড়ি-বাঙালিদের একসঙ্গে শান্তিতে বসবাস করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, গঙ্গারামমূখ এলাকার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
জেনারেল মইন ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙালি পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। সেনা বাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর চট্টগ্রাম বিভাগের জিওসি মেজর জেনারেল আব্দুল মুবিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জগৎজ্যোতি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক নুরুল আমীন, খাগড়াছড়ি জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24