ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিলের ওপর সুপ্রিম কোর্ট মঙ্গলবার শুনানি গ্রহণ শেষ করেছে। আদালত যেকোন দিন রায় ঘোষণা করবে।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন।
মঙ্গলবার অষ্টম দিনের শুনানিতে অংশ নিয়ে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভূক্ত করার বৈধতা নিয়ে রিট করা হয়েছিল। হাইকোর্ট শুধু মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করাকে অবৈধ ঘোষণা করতে পারতো। সেক্ষেত্রে সাধারণ আইনে মামলা চলত।"
সালাউদ্দিন বলেন, রিটে হাসিনার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি বাতিল করার আবেদন জানানো হয়নি। তারপরও হাইকোর্ট আবেদনের বাইরে গিয়ে মামলাটি বাতিল করেছে।
গত ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগ শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল মঞ্জুর করে। পাশাপাশি হাইকোর্টের রায় ও নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিতও রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ১৮ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের আবেদন (লিভ টু আপিল) করে সরকার। এ আবেদনের শুনানি মুলতবি করার জন্য শেখ হাসিনাও আপিল বিভাগে আবেদন জানান।
হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ও মামলাটি বাতিল ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি রায় দেয়।
গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
হাসিনাকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩০৯ঘ.
bdnews24