চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখ পাড়ায় খাল খননের সময় সোমবার ১০টি গ্রেনেড এবং ৪২২ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি পাওয়া গেছে। গ্রেনেড ও গুলিতে মরচে পড়ে যাওয়ায় এগুলো কোন দেশের তৈরি তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা মুক্তিযুদ্ধের সময় বা তার পরে এসব গ্রেনেড ও গুলি মাটিতে পুঁতে রাখা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে পূর্ব গোমদণ্ডী শেখ পাড়ায় একটি খালে শ্রমিকরা মাটি কাটার সময় এসব গ্রেনেড দেখতে পায়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, গ্রেনেড ও গুলিতে মরচে পড়ায় এগুলো কোন দেশের তৈরি তা বোঝা যাচ্ছে না।
আমীরুল ইসলাম আরও জানান, মুক্তিযুদ্ধের সময় বা তার পরে গ্রেনেড ও গুলিগুলো মাটিতে পুঁেত রাখা হতে পারে। মঙ্গলবার সকালে গ্রেনেড বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করার আগে এগুলো সক্রিয় আছে কি না তা বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24