২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আইনের খসড়া এ সপ্তাহেই চূড়ান্ত

নির্বাচনী আইনের সংস্কার প্রস্তাবের খসড়া এ সপ্তাহে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে তা সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। সোমবার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইনের সংস্কার প্রস্তাবের খসড়া এ সপ্তাহে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে তা সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। সোমবার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশনের প্রস্তাবে তেমন কোনো পরিবর্তন হয়নি। এ সপ্তাহে কমিশন খসড়া সুপারিশ চূড়ান্ত করে ৫ মে'র মধ্যে তা আইনমন্ত্রণালয়ে পাঠাবে।" ইসির প্রস্তাবিত আইনের মধ্যে রয়েছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮, রাজনৈতিক দল (নিবন্ধীকরণ) বিধিমালা ২০০৮ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য অনুসরণীয় নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮। এসব আইন নিয়ে গতবছরের ২৬ এপ্রিল থেকে এবছরের ২৭ এপ্রিল পর্যন্ত সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইসি। মঙ্গলবার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ হবে বলেও জানিয়েছেন এম সাখাওয়াত হোসেন। জানুয়ারিতে সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হয়। দাবি-আপত্তি ও শুনানি শেষে আগামী জুনের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। সীমানা পুনর্নির্ধারণের কারণে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর জেলায় আসন কমবেশি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএনডি/১৮১৮ ঘ.