২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন কার্যক্রমে তিনমাসের স্থগিতাদেশ

উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিশিয়াল কমিশনের কার্যক্রমের ওপর তিনমাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশকে কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকারের আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের ওপর রুল জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিশিয়াল কমিশনের কার্যক্রমের ওপর তিনমাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশকে কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকারের আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের ওপর রুল জারি করা হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদেশের পর রিটকারীর পক্ষে ড. শাহদীন মালিক বলেন, "বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় নির্বাহী বিভাগের চেষ্টা বন্ধ হওয়াতে সুপ্রিম কোর্টে স্বাধীনতা আবার জোরালোভাবে প্রতিষ্ঠিত হল।" রোববার রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান রিটটি দায়ের করেন। গত ১৬ মার্চ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ জারি করেছিলেন। রিটকারীর পক্ষে ড. শাহদীন মালিক শুনানিতে বলেন, "হাইকোর্টের অস্থায়ী ও স্থায়ী এবং আপিল বিভাগের বিচারপতি নিয়োগের সুপারিশের জন্য নয় জনের কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের কর্মপদ্ধতি অসাংবিধানিক। এটা সংবিধানের ৭, ২২, ৯৪, ১১১ অনুচ্ছেদের পরিপন্থী।" তিনি আরও বলেন, কমিশনের নয় সদস্যের মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠ বিচারপতি বিচার বিভাগীয় সদস্য। বাকি পাঁচজন আইনমন্ত্রী, আইন সচিব, অ্যার্টনি জেনারেল, ক্ষমতাশীল রাজনৈদিক দলের সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্য। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির একজন সভাপতি। শাহদীন মালিক বলেন, "হাইকোর্র্ট বিচারপতি পদ মর্যাদার নীচের পাঁচজন সদস্য রয়েছেন কমিশনে। তারা কিভাবে হাইকোর্ট বিচাপতিদের নিয়োগের জন্য সুপারিশ করবেন। তাছাড়া রাষ্ট্রপতি সব সুপারিশ অগ্রাহ্য করতে পারবেন। আর এই সুপারিশ যাবে আইনমন্ত্রনালয়ের মাধ্যমে।" তিনি বলেন, "সিদ্ধান্তের ক্ষেত্রে বিচার বিভাগের বাইরে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত প্রাধান্য পাবে। আপিল বিভাগের বিচারপতি সাংবিধানিক কোন পদে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার বিধান সংবিধানে নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৫১৫ঘ.