বগুড়া, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন এবং সম্পত্তির তথ্য গোপন করার অপরাধে সাবেক বিএনপি সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুকে সোমবার ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। স্বামীর দুর্নীতিতে সহায়তা করায় লালুর স্ত্রীকে দেওয়া হয়েছে তিন বছর কারাদণ্ড। আদালত একইসঙ্গে এই দম্পতির ২ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলার রায় দেন বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক আনোয়ার হোসেন।
বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ লালু বর্তমানে অন্য দুটি মামলায় সাজা খাটছেন। লালুর স্ত্রী শামছুন্নাহার জামানও কারাগারে রয়েছেন।
সোমবার দেওয়া রায়ে আদালত সশ্রম কারাদণ্ডের পাশাপাশি লালুর ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দেড় বছর কারাভোগের নির্দেশ দেয়। বাজেয়াপ্ত করা হয়েছে লালুর ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তি।
শামছুন্নাহারকে তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। তার স্ত্রীর ৫৬ লাখ ৯১ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়ে লালু ও তার স্ত্রী তাদের দুজনের মোট ৪ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৮৬৫ টাকার সম্পদের হিসাব দাখিল করে।
পরে কমিশনের অনুসন্ধানে ধরা পড়ে ওই সম্পদের মধ্যে ২ কোটি ৩২ লাখ ২৮ হাজার ৬ টাকা ৫১ পয়সা অসৎ পন্থায় উপার্জিত।
এর পর গত বছরের ৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশীষ কুমার কুণ্ডু বাদি হয়ে লালু দম্পতির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। এ বছরের ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২৪ ফেব্র"য়ারি থেকে শুরু হয় মামলার কার্যক্রম। জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় ৪৫ কার্যদিবসে এ মামলার রায় হলো।
রায়ের পর সাবেক সাংসদের বড় ভাই মোজাম্মেল হক তালুকদার সাংবাদিকদের বলেন, তারা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
এর আগে ত্রাণ সামগ্রী আত্মসাতের দায়ে দায়ের করা একটি মামলায় লালুকে ১ বছর এবং নিজের বগুড়ার বাসায় অবৈধ ওয়্যারলেস টাওয়ার স্থাপনের দায়ে ৫ বছর কারাদণ্ড দেয় আদালত।
জরুরি অবস্থা জারির পরপরই লালুকে গ্রেপ্তার করা হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় শামছুন্নাহার গত মাসে আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24