ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং তা কেন্দ্রীভূত হয়ে ঘূণিঝড় 'নার্গিস' (NARGIS) - এ রূপ নিয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে দু' নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার দুপুরের বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে উপকূলীয় এলাকায় সাগর মাঝারি এবং ঘূণিঝড়ের কেন্দ্রে বেশ উত্তাল থাকবে।
নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার বিকেলের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১৩১৯ঘ.
bdnews24