ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থির অবস্থায় কেন্দ্রীভূত হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালের বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে স্থির ছিল। তবে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সাগর মাঝারি ধরনের উত্তাল থাকতে পারে।
নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা ফারাহ দীবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার সন্ধ্যায় বলেন, "বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার বিকেলের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১২১৯ঘ.
bdnews24