২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে যাচ্ছে খালেদা জিয়াপন্থী বিএনপি

সংলাপ নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে খালেদা জিয়াপন্থী বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সোমবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 05:42 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে খালেদা জিয়াপন্থী বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সোমবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সোমবার সকালে বাণিজ্য উপদেষ্টা মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির একটি প্রতিনিধিদল বিকেল পাঁচটায় এ প্রাক-সংলাপে যোগ দেবে।" এর আগে গত সপ্তাহে হোসেন জিল্লুর রহমান প্রাক-সংলাপের বিষয়ে খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। আওয়ামী লীগ, 'সংস্কারপন্থী' বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই সরকারের প্রাক-সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ রোববার রাতে নারী সমাজের প্রতিনিধি ও জাসদ (ইনু)'র সঙ্গে প্রাক-সংলাপ অনুষ্ঠিত হয়। প্রাক সংলাপে সরকারের প্রতিনিধিত্ব করছেন যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, আইন উপদেষ্টা ব্যারিস্টার এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এসকে/১১৩২ঘ.