২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ায় শেভরনের ভূ-তাত্ত্বিক জরিপ স্থগিত

লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুন লাগার ঘটনায় শেভরন ত্রি মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ কাজ (সাইসমিক সার্ভে) কাজ স্থগিত করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুন লাগার ঘটনায় শেভরন ত্রি মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ কাজ (সাইসমিক সার্ভে) কাজ স্থগিত করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। শেভরনের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) নাছের আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাউড়াছড়া বনে ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক কাজ স্থগিত করা হয়েছে। কারণ বনে আগুন লেগেছিল। যদিও আমরা মনে করছি না যে আমাদের কাজের কারণে আগুন লেগেছিল। এরপরও আমরা মনে করি বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।" শেভরন এ জন্য একটি নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান তিনি। লউয়াছড়ায় শেভরনের বিট অফিসের প্রায় এক কিলোমিটার দূরে বন বিভাগের আওতাধীন একটি টিলায় দুপুরে আকস্মিক আগুন ধরে যায়। এ সময় প্রায় এক হেক্টর এলাকার গাছপালা পুড়ে যায়। এদিকে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশপাশের এলাকায় কয়েকটি গ্রামে শতাধিক কাঁচা ও পাকা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। গ্রামবাসীর অভিযোগ- শেভরন ওই এলাকায় ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চালাতে মাটির নিচে বিস্ফোরণ ঘটানোর ফলে এই ফাটল দেখা দিয়েছে। বিস্ফোরণের প্রচন্ড শব্দ ও মৃদু ভূ-কম্পনে জঙ্গল থেকে বিভিন্ন প্রাণী লোকালয়ের দিকে চলে আসছেও বলে তারা জানান। লাউয়াছড়ার আশপাশের ডলুবাড়ি, দিলবর নগর, বিষামনি, রাধানগর, এমআর খাঁন বস্তি ও মাধবপুর গ্রাম ঘুরে দেখা গেছে অনেক বাড়িতে দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। এর মধ্যে দিলবর নগরে অন্তত ৩৫টি, মাধবপুরে একটি পাকা মসজিদসহ ২০টি বাড়ির দেয়ালে ফাটল দেখা গেছে। মাধবপুর ইউনিয়নের চেয়্যারম্যান পুস্প কুমার কানু জানান, মাধবপুর গ্রামের একটি মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। এ রকম বহু বাড়ি ঘরের দেয়ালে ফাটল ধরেছে বলেও তিনি জানান। ডলুবাড়ি গ্রামের লোকজন জানান, গত সপ্তাহ থেকে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস কোম্পানি শেভরন মাটির নিচে বিস্ফোরণ ঘটাচ্ছে। এতে বিকট শব্দ ও মৃদু ভূ-কম্পন হচ্ছে। এই গ্রামের সিরাজ মিয়া বলেন, "গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিস্ফোরণের পরপরই কয়েকটি মায়া হরিণ জঙ্গল ছেড়ে আমাদের গ্রামে চলে আসে।" একই গ্রামের ঝুনু বেগম বলেন, "বিস্ফোরণ ঘটানো শুরু হওয়ার পর থেকে মৃদু ভূ-কম্পন অনুভূত হচ্ছে। এতে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত। বিস্ফোরণ এত শক্তিশালী যে পাকা ঘরের দেওয়াল থেকে শুরু করে ২০০ ফুট উঁচু টিলার উপরের মাটির ঘরের দেয়ালেও ফাটল সৃষ্টি হয়েছে।" দিলবর নগর গ্্রামের তাজউদ্দিন, হাকিম, বাবুল ও ইদন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরণের প্রচন্ড শব্দে তারা মৃদু ভূ-কম্পন অনুভুব করছেন। ঘরের দেয়াল ফেটে যাওয়ার জন্য তারা এ বিস্ফোরণকে দায়ী করেন। একই কথা বলেছেন বিষামনি গ্রামের জাকির ও এমআর খাঁন বস্তির নজরুলও। শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শিবু দাশ জানান, পিচের মুখ এলাকায় তার পাকা ঘরের ৩/৪টি স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। দুই/তিন আগে এটা তার নজরে পড়ে। জেরিন চৌমুহনা এলাকার বাসিন্দা ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগ করেন, কম্পনের ফলে গত বুধবার তার পাকা ঘরের ২/৩টি স্থানে দেয়াল ফেটে গেছে। তার দাবি বিস্ফোরণের কারণে অন্তত শতাধিক বাড়ির দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের কর্মকর্তারা জানান, জরিপের জন্য ঘটানো বিস্ফোরণে জীববৈচিত্রের অনেক ক্ষতি হচ্ছে। জরিপ কাজে মানা হচ্ছে না বনবিভাগের আইন-কানুন। বনের প্রায় সর্বত্র ২০ ফুট পর পর গর্ত করে (বোরিং) বিষ্ফোরক রাখা হয়েছে। এগুলোর বিস্ফোরণ ঘটানো হবে। তারা জানান, শেভরন কোম্পানির এই কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যেই বনের পশু-পাখি এলাকা ত্যাগ করতে শুরু করেছে এবং কর্মীদের হাতে উজাড় হয়েছে অনেক মূল্যবান বৃক্ষ। এভাবে বিষ্ফোরক ব্যবহার করা হলে মাটি ধসে বনভূমির অনেক ক্ষতি হবে, উজাড় হয়ে যাবে বন। শ্রীমঙ্গলের জীববৈচিত্র ও প্রাণী সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এই বিস্ফোরণের ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীব বৈচিত্রের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। বন্য প্রাণী লোকালয়ে চলে এসেছে বলে আমরা শুনেছি।" শেভরনের জনসংযোগ কর্মকর্তা জুলফিকার হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান এলাকায় জরিপ কাজ শুরু হয়। গত বুধবার থেকে লাউয়াছড়া এলাকায় কাজ চলছে। তিনি জানান, লাউয়াছড়ার পার্শ্ববর্তী রাধানগর গ্রাম পরিদর্শন করেছেন তিনি। শেভরনের লোকজনও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছেন। বিস্ফোরণের কারণে বাড়ি-ঘরের দেয়াল ফাটলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/টিএইচ/এমএসবি/২০৩০ ঘ.