২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুর সদরের সাইনবোর্ড এলাকায় স্টারলাইট নামের একটি সোয়েটার কারখানায় শনিবার রাতে আগুন লাগে। রোববার সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

গাজীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের সাইনবোর্ড এলাকায় স্টারলাইট নামের একটি সোয়েটার কারখানায় শনিবার রাতে আগুন লাগে। রোববার সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। সন্ধ্যায় গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আমানউল্লাহ জানান, আগুন আয়ত্বে আছে। সম্পূর্ণ নেভাতে আরও অন্তত দুই ঘন্টা সময় লাগবে। আগুনে কারখানার ৫ম তলার গুদামে রক্ষিত বিপুল পরিমাণ সুতা, উৎপাদিত পণ্য, মেশিনপত্রসহ সব মালামাল সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে বলে তিনি জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুদামে মাল ঠাসাঠাসিভাবে থাকায় এবং প্রবেশের একটিমাত্র গেইট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। গুদামের চারপাশের দেয়ালের অংশবিশেষ ভেঙে ভেতরে পানি দিতে হয়েছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে দেরির অন্যতম কারণ ছিল পানির অভাব। আমানউল্লাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর ও টঙ্গীর দমকল কর্মীদের সঙ্গে কুর্মিটোলা, ঢাকা সদর দপ্তর ও বারিধারা স্টেশন থেকে মোট ১১টি ইউনিট যোগ দেয়। রোববার সকাল ১০টার দিকে সদর দপ্তর থেকে স্নোরকেল লেডার (এক জাতীয় মই) এন তা দিয়ে জানালা ভেঙে গুদামের ভেতরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এখনও জানা হয়নি বলে তিনি জানান। স্টারলাইট কারখানার সহকারী পরিচালক আনোয়ার সাদত জানান, সাত তলা ওই ভবনের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলায় স্টারলাইট সোয়েটার অবস্থিত। শনিবার রাত আড়াইটার দিকে ৫ম তলায় স্টারলাইটের গুদামে আগুন লাগে। দ্রুত গতিতে তা ছড়িয়ে পড়ে। গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে দমকলবাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের লেলিহান শিখা ও প্রচন্ড উত্তাপের কারণে বাগে আনতে বেগ পেতে হয়। এ সময় ভবনের অন্যান্য তলা ও আশপাশের কারখানাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব কারখানার বেশ কয়েকটিতে তখন উৎপাদন চলছিল। তিনি দাবি করেন, আগুনে ৩ লাখ পাউন্ড সুতা, তৈরি পোশাক ও মেশিনপত্র পুড়ে অন্তত ১৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ওই ভবনের আরও দুইটি তৈরি পোশাক কারখানা অর্ণব ও উইনওয়্যারেও রোববার কাজ বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.