লালমনিরহাট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের গম আত্মসাতের অভিযোগে রোববার আদিতমারী উপজেলার মহিষ খোচা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ময়না বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এওয়াইএম জিয়াউদ্দিন আল মামুুনের নেতৃত্বে প্রশাসনের লোকজন গোবর্ধন চর গ্রামে ময়না বেগমের বাড়ি তল্লাশি করে দেড় মেট্রিক টন গম উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়।
ইউএনও জানান, ময়না বেগমকে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের আওতায় ইউনিয়নের বাহাদুর পাড়ায় একটি রাস্তার মেরামতের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের প্রধান ছিলেন মহিষ খোচা ইউনিয়নের ৭ ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য ময়না বেগম। তিনি পুরো কাজ শেষ না করে দেড় মেট্রিক টন গম আত্মসাত করেন।
ইউএনও আরও জানান, শ্রমিকরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি ময়নার বাড়ি তল্লাশি করেন।
আদিতমারী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক হাশিমউজ্জামান জানান, ময়নার বিরুদ্ধে শ্রমিক সর্দার সাহেব আলী একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24