২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা ও জেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টির প্রস্তাব

জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইনের খসড়া চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে উপজেলা ও জেলা পরিষদে দুটি করে ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। দুই ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন থাকবেন নারী। শিগরিই খসড়া আইন তিনটি অধ্যাদেশ আকারে জারির জন্য উপদেষ্টা পরিষদে পাঠাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইনের খসড়া চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে উপজেলা ও জেলা পরিষদে দুটি করে ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। দুই ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন থাকবেন নারী। শিগরিই খসড়া আইন তিনটি অধ্যাদেশ আকারে জারির জন্য উপদেষ্টা পরিষদে পাঠাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনের খসড়া চূড়ান্ত করতে রোববার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, "৪৮২টি উপজেলা পরিষদ ও ৬১টি জেলা পরিষদে দুটি করে ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হবে। প্রস্তাবিত খসড়ায় দুই ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন নারী ভাইস চেয়ারম্যান থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।" খসড়া প্রস্তাবে সরাসরি ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার বিধান রাখা হয়েছে বলেও জানান তিনি । ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের বিষয়ে তিনি বলেন, "ইউনিয়ন পরিষদে মহিলা সদস্যদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা বিধি অনুযায়ী নির্ধারিত হবে।" জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হবে কিনা- এ প্রশ্নের জবাবে আনোয়ারুল ইকবাল বলেন, "বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একটি রুটিন ওয়ার্ক। বিধান অনুযায়ী মেয়াদ শেষ হবার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। উপজেলা নির্বাচনের মেয়াদ শেষ হলেও সরকার হাইকোর্টের কাছ থেকে ছয়মাস করে প্রায় ১০ থেকে ১২ বার সময় নিয়েছে।" তিনি জানান, ২০০১ সালের উপজেলা নির্বাচন আইন অনুযায়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণার এখতিয়ার ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে। এখন উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এফএফ/এএল/এসএনডি/১৬৫২ ঘ.