ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনুষ্ঠিত প্রাক সংলাপের সুপারিশমালা পেশ করা হবে আগামী ৩০ এপ্রিল। এরপরই চূড়ান্ত সংলাপের দিনক্ষণ ঘোষণা করা হবে।
বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান রোববার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, "চলতি মাসের ২৯ তারিখের মধ্যে যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রাক সংলাপ হওয়ার কথা রয়েছে তা হবে এবং প্রধান উপদেষ্টার কাছে ৩০ এপ্রিল রাজনৈতিক দলের সুপারিশ মালা দাখিল করা হবে। এরপর পরই চূড়ান্ত সংলাপের দিনক্ষণের ঘোষণা দেওয়া হবে"।
বিএনপির খালেদা জিয়া মনোনিত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে বৈঠকদের সময় জানতে চাওয়া হলে উপদেষ্টা সরাসরি কোন মন্তব্য না করে বলেন,"২৯ এপ্রিলের আগেই তা শেষ হবে"।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক করেন।
সূত্র জানায়, বিএনপির একাংশসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক সংলাপে যে বিষয়গুলো এসেছে তা সমন্বয় করে তৈরি করা হবে এ সংক্রান্ত প্রতিবেদন। এখান থেকে চূড়ান্ত সংলাপের আলোচ্য সূচী নির্ধারন করা হতে পারে। প্রধান উপদেষ্টা প্রাক সংলাপের তারিখ ঘোষণা দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই আলোচ্যসূচীর ভিত্তিতে সরাসরি আলোচনায় বসবেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো সরাসরি আলোচনায় বসার দাবির পরিপ্রেক্ষিতে প্রাক সংলাপ শুরু হয় চলতি এপ্রিলের শুরুতে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রাক সংলাপে বসার জন্য দায়িত্ব দেয়া হয় পাঁচ উপদেষ্টাকে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ, বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, এবং পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ। তারা আওয়ামীলীগের সঙ্গে প্রথম প্রাক সংলাপে বসেন। এরপর পর্যায়ক্রমে বিএনপি'র একাংশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/আরএ/জিএনএ/১৩১০ ঘ.
bdnews24