মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর দলগুলোর নিবন্ধন কাজে হাত দেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য প্রস্তাবিত নির্বাচনী আইন দ্রুত চূড়ান্ত করতে চায় কমিশন। আইন অনুযায়ী শর্তপূরণ সাপেক্ষে দলের নিবন্ধন হবে। বর্তমানে ব্যবহার করছে এবং আগে আসলে আগে ভিত্তিতে বিধান অনুযায়ী ইসি প্রতীক বরাদ্দ দেবে। কমিশন মনে করে নিবন্ধনের শর্তপূরণ করে এমন দলের সংখ্যা হতে পারে ২০ থেকে ২৫টা।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব প্রতিবেদক মঈনুল হক চৌধুরীকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ কথা জানান।
প্রতীক বরাদ্দ নিয়ে দলগুলোর মধ্যে কোনো বিভক্তি হলে নির্বাচন কমিশনের শুনানি ও আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা যাবে। রোডম্যাপ অনুযায়ী আগামী জুনের মধ্যে দলগুলোর নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও সংলাপ বিলম্বিত হওয়ায় নিবন্ধনসূচিও পিছিয়ে যাবে। নিবন্ধনের জন্য নির্বাচনী আইন জারি হওয়ার পর কমপক্ষে তিন মাস সময় দেওয়ার চিন্তাভাবনা করছে ইসি।
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, ''নির্বাচনী আইনের সংস্কার বিষয়ে সংলাপ আলোচনায় বড় কথা নয়, রাজনৈতিক দলের নিবন্ধনই বড় কাজ। সংলাপ শেষ হলে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালাসহ নির্বাচনী আইনের খসড়া প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে দ্রুত পাঠানো হবে।''
রোববার সকাল ১০টায় বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপ পর্ব শেষ হবে। কমিশন মোট ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৭, রাজনৈতিক দলের নিবন্ধন নীতিমালা ও নির্বাচনী আচরণ বিধিমালার প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করে।
সাখাওয়াত হোসেন জানান, বিএনপি'র সঙ্গে একদফা আলোচনা শেষ করে নতুন কোনো প্রস্তাব এলে আরেক দফা আলোচনার কথা আসতে পারে।
বিএনপি'র সংস্কারপন্থীদের সঙ্গে শেষ সংলাপ নিয়ে যে ধরনের বিতর্ক হয়েছে, তা অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, "আইনি প্রক্রিয়া শেষ করতে এ আলোচনা। সংলাপই সব কিছু নয়। প্রস্তাবিত আইনটি হওয়ার পর নিবন্ধন প্রক্রিয়াই হবে আসল কাজ।"
গত বছরের ২৬ এপ্রিল নির্বাচনী আইনের সংস্কার নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে যে সংলাপ শুরু হয় পর্যায়ক্রমে তা গণমাধ্যম প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলের সঙ্গে অব্যাহত থাকে।
সংলাপেই এক বছর পার প্রসঙ্গে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সংলাপ দীর্ঘ হওয়ায় নির্বাচন কমিশনের রোডম্যাপের এদিক-ওদিক হয়েছে। খুব ভালোভাবেই এর শুরু হলেও শেষ পর্যায়ে একটি দলের সঙ্গে সংলাপ শেষ হচ্ছে নির্ধারিত সময়ের ৫ মাস পরে। সংলাপ শেষ করে এক সপ্তাহের মধ্যে সমন্বিত খসড়া সুপারিশমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।"
নির্বাচনী আইনের খসড়া নিয়ে সংলাপ বিলম্বিত হওয়ায় নিবন্ধনসূচিও পিছিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। আইন জারি হওয়ার পর কমপক্ষে ৩ মাস সময় দেওয়ার চিন্তাভাবনা রয়েছে ইসির।
রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচনের জন্য বাধ্যতামূলক উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, "সংলাপে অংশ নেওয়া মানে তো দলের নিবন্ধন নয়। আইন অনুযায়ী শর্তপূরণ সাপেক্ষে দলের নিবন্ধন হবে। এরপর প্রথানুযায়ী বর্তমানে ব্যবহার করছে এবং আগে এলে আগে ভিত্তিতে বিধান অনুযায়ী ইসি প্রতীক বরাদ্দ দেবে।"
তিনি মনে করেন, নিবন্ধনের শর্তপূরণ করে এমন দলের সংখ্যা হতে পারে ২০ থেকে ২৫।
দলের বিভক্তি হলে প্রতীক বরাদ্দ নিয়েও বিভক্তি হতে পারে জানিয়ে তিনি বলেন, "এ ধরনের ঝামেলা হলে নির্বাচন কমিশনের শুনানি ও আদালতের মাধ্যমে প্রতীকের বিষয়টি নিষ্পন্ন হবে।"
রোডম্যাপ অনুযায়ী আগামী জুনের মধ্যে দলগুলোর নিবন্ধন শেষ হওয়ার কথা রয়েছে। একই সময়ে সীমানা পুনঃনির্ধারণের সময়সীমা থাকলেও এর আগেই প্রস্তাবিত সীমানা পুনঃনির্ধারণ কার্যক্রম শেষ হবে।
স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, "স্থানীয় নির্বাচনের মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশন রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনাসহ কয়েকটি পৌরসভার নির্বাচন হবে প্রথমে। তারপর ঢাকা সিটি করপোরেশনসহ পর্যায়ক্রমে আরো কিছু পৌরসভার নির্বাচন করা হবে।"
এম সাখাওয়াত হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৮০টি পৌরসভা মেয়াদোত্তীর্ণ হলেও মামলাজনিত কারণে নির্বাচন সম্ভব হবে না। জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা থাকলেও নির্বাচন কমিশনের কাছে এখনো সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি।
ভোটার তালিকার কাজ এগোনো প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, "আশা রাখি, জুলাই-এর প্রথম সপ্তাহে সারাদেশের সম্ভাব্য ৮ কোটি ভোটারকে নিবন্ধিত করা সম্ভব হবে।"
তিনি জানান, জুনে সারাদেশে ভোটার নিবন্ধন শেষ হওয়ার কথা। ভোটার তালিকা শেষ হলে ইসি বৈঠকে বসবে। নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের সহযোগিতা-প্রস্তুতি সব বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা হবে।
রোডম্যাপের একেকটি কাজ শেষ হতে হতে সাধারণের অমূলক সন্দেহও দুর হবে। ভোটার তালিকা হয়ে গেলে ধীরে ধীরে মানুষের সংশয় দূর হতে শুরু করবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনকে নিয়ে গঠিত ইসি গত বছর ১৫ জুলাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে।
আগামী ডিসেম্বর শেষ হওয়ার আগে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন উপহার দিতে বর্তমান ইসি এগিয়ে যাচ্ছে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/এমএ/১৬৩৫ঘ.
bdnews24