২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালক-যাত্রী সবাই হতাশ

সিএনজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হওয়ায় অটোরিকশা ও ট্যাক্সি চালক ও যাত্রী দ'ুপক্ষই হতাশ। এই দুর্মূল্যের বাজারে যাতায়াত খরচ আরো বাড়লে ব্যক্তিগত বাজেট কীভাবে সামলানো যাবে যাত্রীরা তাই নিয়ে শঙ্কিত। আর চালকরা বলছেন, ভাড়া বেড়ে যাওয়ায় তাদের আয় কমে যেতে পারে। সেক্ষেত্রে এ পেশায় টিকে থাকাই কঠিন হয়ে যাবে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানাচ্ছেন মারুফ মল্লিক ও মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

মারুফ মল্লিক ও মাহমুদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়িয়ে প্রায় দ্বিগুণ করায় চালক ও যাত্রী দ'ুপক্ষই হতাশ। এই দুর্মূল্যের বাজারে যাতায়াত খরচ বেড়ে গেলে ব্যক্তিগত বাজেট কীভাবে সামলানো যাবে যাত্রীরা তাই নিয়ে শঙ্কিত। আর চালকরা বলছেন, ভাড়া বেড়ে যাওয়ায় আয় কমে যেতে পারে। আর তা হলে এ পেশায় টিকে থাকাই কঠিন হয়ে যাবে। সরকার ভর্তুকির বোঝা কমানোর যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার প্রতি ঘনমিটার সিএনজির দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে। শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। সিএনজিচালিত গাড়ির চালকদের বেশির ভাগই শুক্রবার মিটারে যেতে অস্বীকার করেন। এমনিতেই 'পোষায় না' দাবি করে অনেক সিএনজি চালকই পছন্দ না হলে কোনো গন্তব্যে যেতে রাজি হননা। প্রথম দিনের অভিজ্ঞতায় দেখা গেছে, গ্যাসের মূল্যবৃদ্ধি এ সমস্যাকে প্রকটতর করেছে। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এফডিসি'র উল্টোদিকের সিএনজি ফিলিং স্টেশনে শুক্রবার এ নিয়ে কথা হলো অটোরিক্সা চালক বিপ্লব হাওলদারের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিপ্লব বললেন, "এভাবে দাম বাড়ানো শুধু আমাদের দেশেই সম্ভব। একবারে দ্বিগুণ না করে ২-৩ টাকা বাড়ালেই পারতো।" তিনি বলেন, "গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের আয় কমে যাবে। সারাদিন গাড়ি চালিয়ে তা পুষিয়ে নেব এমনটাও সম্ভব না। বিদ্যুৎ না থাকলে ফিলিং স্টেশনে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। আর যানজট তো আছেই।" বিপ্লবের অটোরিক্সার যাত্রী আবদুল কাদের সরকারি চাকরি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দেশের এই পরিস্থিতিতে সিএনজির দাম বাড়ানোয় আমাদের সমস্যা আরও বাড়বে। যাতায়াত খরচ বেড়ে যাবে।" তিনি অভিযোগ করেন, "অটোরিক্সা ও ট্যাক্সিক্যাব চালকরা এমনিতেই যাত্রীদের সঠিক সেবা দেয় না। ভাড়া নিয়ে খিটমিট করে। মিটার থাকলেও বেশি ভাড়া দাবি করে। সিএনজির দাম আরো বাড়ায় চালকরা আরও বেশি সমস্যা করবে।" যাত্রীদের অভিযোগ নিয়ে তেজগাঁ এলাকায় অটোরিক্সা চালক রঞ্জু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিনিসপত্রের দাম তো খালি বাড়ছেই। সরকার যে ভাড়া ঠিক করে দিয়েছে তাতে পোষায় না। কিন্তু দেশে জরুরি অবস্থা চলছে বলে আমাদের কিছুই করার নেই।" খিলগাঁও এলাকার সিএনজি অটোরিক্সা চালক রুহুল আমিন অভিযোগ করলেন, সরকার মালিকদের জন্য প্রতিদিন ৪৫০ টাকা জমা নির্ধারণ করে দিলেও মালিকরা নেন ৫৫০ থেকে ৬০০ টাকা। "সরকার ও মালিক পক্ষ এগিয়ে না আসলে জীবন বাঁচবে না"- মন্তব্য রুহুল আমিনের। বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে গোলাম সারওয়ার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আগে সাড়ে ৮ টাকা হিসাবেই প্রতি মাসে আড়াই হাজার টাকার সিএনজি লাগতো। এখন তা বেড়ে ৫ হাজারের কাছাকাছি যাবে। কিন্তু শুধু জ্বালানির খরচের কথা ভাবলে তো আমাদের চলবে না। বাজারে সব কিছুর দাম বাড়লেও আমাদের বেতন তো বাড়েনি।" হাজারীবাগের অটোরিক্সা চালক শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রব্যমূল্য, যানজট, গ্যাস সংগ্রহে দীর্ঘ লাইন, মালিকের জমা- সব মিলিয়ে এমনিতেই খারাপ সময় যাচ্ছে। এর মধ্যে আবার সিএনজির দাম বাড়লো। আমাদের এ পেশায় থাকাই কঠিন হয়ে যাবে।" তিনি জানান, বৃহস্পতিবার তার গ্যাস সংগ্রহ করতেই চার ঘণ্টা লেগেছে। সকাল ৮টায় বের হলেও রাত সাড়ে সাতটা পর্যন্ত জমার ৬২০ টাকা ওঠেনি। ১৯৮৫ সালে দেশে 'রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানীর' অধীনে সিএনজি ব্যবহার শুরু হয়। তখন সিএনজির দাম ঠিক করা হয়েছিল ৭ টাকা ৪৫ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএস/জেকে/এসকে/২১২৮ঘ.