২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরূপ আবহাওয়ায় উত্তর জনপদে খরার লক্ষণ

তীব্র গরম ও বৃষ্টিপাতের অভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা একে বলছেন 'আবহাওয়াজনিত' খরা। তাদের মতে, সেচ ব্যবস্থা সচল থাকায় কৃষিতে এখনো এই খরার প্রভাব পড়েনি। তবে সামগ্রিকভাবে খরার নানা লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে উত্তর জনপদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র গরম ও বৃষ্টিপাতের অভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা একে বলছেন 'আবহাওয়াজনিত' খরা। তাদের মতে, সেচ ব্যবস্থা সচল থাকায় কৃষিতে এখনো এই খরার প্রভাব পড়েনি। তবে সামগ্রিকভাবে খরার নানা লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে উত্তর জনপদে। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের (এসএমআরসি) পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, "কিছুটা তপ্ত আবহাওয়া এবং বৃষ্টিহীনতার কারণে গত এক যুগে উত্তরাঞ্চল স্বাভাবিক আর্দ্রতা হারিয়েছে। এ কারণে খরা প্রবণ হয়ে উঠেছে উত্তরের অনেক জেলা। এখনকার আবহাওয়াও খরার কাছাকাছি পৌঁছেছে।" তিনি জানান, সাময়িকভাবে বৃষ্টি কম হলে যে কোনো অঞ্চলে সাময়িক খরা দেখা দিতে পরে। তবে স্বাভাবিক বৃষ্টিপাত হলে এই খরা কৃষিতে তেমন প্রভাব ফেলবে না। ২৭ এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সমরেন্দ্র কর্মকার জানান। দেশের উত্তর ভাগে বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম উল্লেখ করে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে মধ্য ও পশ্চিম ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে) বয়ে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এপ্রিল-মে মাসে বাতাসে স্বাভাবিক আর্দ্রতা না থাকলে রাজশাহী বিভাগসহ কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে সাময়িক খরা সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আয়শা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ এপ্রিল থেকে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাব দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল হয়ে দক্ষিণাঞ্চলেও পড়তে পারে। এই তাপপ্রবাহ আরো ২/৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি। এ বছর এখন পর্যন্ত ঈশ্বরদীতে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালে ১৮ মে রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০০১ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২০০২ সালে সিলেটে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২০০৩ সালে সাতক্ষীরায় ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ২০০৪ সালে রাজশাহীতে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ২০০৫ সালে রাজশাহীতে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২০০৬ সালে ঈশ্বরদীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং ২০০৭ সালে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পাশাপাশি বৃষ্টিপাতের দিক দিয়েও দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে ব্যবধান বিস্তর। গত বছর উপকূলীয় জেলাগুলোয় সর্বোচ্চ চার হাজার ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও উত্তরাঞ্চলে এই পরিমাণ সর্বোচ্চ এক হাজার ৪০০ মিলিমিটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম ইমামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খরা মোকাবেলায় সবুজায়ন বাড়াতে হবে। পাশাপাশি খরা সহনীয় কৃষি ব্যবস্থার উদ্যোগ নিতে হবে যাতে জীবিকার খোঁজে স্থানীয়রা পেশা পরিবর্তনে বাধ্য না হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০৪৮ঘ.