ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে 'ইবাদতের স্থান' থেকে সশস্ত্র তৎপরতা পরিচালিত হওয়ায় জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহা. নূরউদ্দীনের অপসারণ চেয়েছে প্রায় ৫০টি নারী ও মানবাধিকার সংগঠনের সম্মিলিত জোট 'সামাজিক প্রতিরোধ কমিটি'।
শুক্রবার বিকেলে সামাজিক প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজ যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে নারী নীতি পর্যালোচনার জন্য আলেমদের নিয়ে গঠিত কমিটি বাতিল, ওই কমিটির সুপারিশ গ্রহণ না করা, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা, প্রেস নোট দিয়ে নারী উন্নয়ন নীতির ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করা এবং ঘোষিত নারী নীতি বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণার দাবি জানানো হয়।
শুক্রবার বিকেলে সেগুন বাগিচায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম।
তিনি জানান, এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি গত ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার বরাবরে পাঠানো হয়েছে।
এদিকে সামাজিক প্রতিরোধ কমিটির এসব দাবির প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত খতিব শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকদিন ধরেই আমার অপসারণের দাবির কথা শুনছি। কিন্তু আমি কোরআনের কথা বলেছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলিনি। কোরআনে ধর্মীয় ব্যবস্থার বিধান সম্পর্কে বলা আছে, তা-ই আমি বলেছি। সেই বিধান অনুযায়ীই মুসলমানদের চলতে হবে। এতে কোনো আইন লঙ্ঘন হয়নি।"
সংবাদ সম্মেলনে আয়শা খানম বলেন, "ইবাদতের স্থান থেকে কীভাবে সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা চালানো হচ্ছে? এটা কেবল নারী আন্দোলনের বিষয় নয়- বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা জাতীয় রাজনৈতিক নেতৃত্ব ও দেশবাসীকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রজাতন্ত্রের কর্মচারী জাতীয় মসজিদের খতিবের অপসারণ এবং নারী নীতি পর্যালোচনা কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।"
তিনি বলেন, "যখন বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচারে দাবিতে সোচ্চার, তখনই চিহ্নিত স্বাধীনতাবিরোধী শক্তি নারী উন্নয়ন নীতির বিরোধিতার আড়ালে বাংলাদেশের মূলনীতি ও সংবিধানের বিরোধিতা করছে।"
প্রাধন উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে উদ্দেশ্য করে লিখিত বক্তব্যে আয়শা খানম বলেন, "উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আপনি স্বয়ং যে নীতি ঘোষণা করেছেন, মাত্র ১৫ দিনের ব্যবধানে কেন সেই নীতি পূনর্মূল্যায়নের জন্য কমিটি করা হয়?"
এই পর্যালোচনা কমিটি আইনসঙ্গতভাবে গঠিত হয়নি মন্তব্য করে আয়শা খানম বলেন, "এই কমিটি কি সরকারের উদ্যোগে করা হয়েছে? যদি তাই হয়, তাহলে এ ব্যাপারে সরকারের সুষ্পষ্ট ব্যাখ্যা দাবি করছি আমরা।"
নারী নীতি পুনর্বিবেচনার জন্য পর্যালোচনা কমিটি গঠন করে সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, "সরকারের এ ধরনের দুর্বল ভূমিকার কারণে ইতোমধ্যে সারাদেশে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।... সরকারের কয়েকজন উপদেষ্টার এই দুর্বল ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশে নারীর অগ্রযাত্রাকে ৫০ বছর পেছনে ঠেলে দেয়ার ব্যবস্থা করা হলো।"
সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ভারপ্রাপ্ত খতিবের ভূমিকার সমালোচনা করে বলেন, "জাতীয় মসজিদ একটি দলের আখড়ায় পরিণত হয়েছে। এ জন্য খতিবই দায়ী। তিনি সরকারের পদক্ষেপ বাস্তবায়ন না করে উল্টো 'গৃহযুদ্ধ' ঘটানোর হুমকি দিয়েছেন।"
নারী নীতি পর্যালোচনার জন্য কমিটি করায় আইন উপদেষ্টারও সমালোচনা করেন তিনি।
কর্মজীবী নারী সংগঠনের সভানেত্রী শিরিন আখতার বলেন, "নারী নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর সঙ্গে সমাজের অধিকার ও প্রগতি জড়িত।"
কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটিকে সমাবেশ করার অনুমতি না দেওয়ায় প্রশাসনের সমালোচনা করেন আয়শা খানম। শুক্রবার এই সমাবেশ হওয়ার কথা ছিল। আগামী ৭ মে তা করা হবে বলে জানান তিনি। তবে সমাবেশের স্থান এখনো নির্ধারণ করা হয়নি।
অন্যান্যের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের সদস্য ড. হামিদা হোসেন, কর্মজীবী নারী'র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবি, মহিলা সমিতির সভানেত্রী সেলিনা খালেক, নাগরিক সমাজের ব্যারিস্টার সারা হোসেন, ব্র্যাকের খাদিজা লীনা, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, মহিলা মুক্তিযোদ্ধা সংসদের সভানেত্রী অধ্যাপিকা মমতাজ বেগম, নারী নেত্রী নাসিমা আখতার জলি, মাহবুবা বেগম, উম্মে সালমা, কোহিনুর বেগম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জেকে/এসকে/১৯৫০ঘ.
bdnews24