রংপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পীরগাছা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় ২০ জন আদিবাসী আহত হয়েছেন। সন্ত্রাসীরা মন্দিরে হামলা চালিয়ে কালী মূর্তি নিয়ে যায় এবং ১০টি বাড়ি ভাংচুর করে।
আহত পাঁচজনকে ভর্তি করা হয়েছে পীরগাছা স্বাস্থ্য কেন্দ্রে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আহতরা হলেন- সোনিয়া (৫৫), রেশমি (৬০), বিনতি (৫০), নির্মল সাধু (৬০) ও অরবিন্দ (২০)।
আহত নির্মল সাধু অভিযোগ করেন, উপজেলার ইটাকুমারি ইউনিয়নের আদিবাসী পল্লীতে বুধবার রাতে বিএনপি ইউনিয়ন সভাপতি আবদুর রাজ্জাক ও আদম আলীর নেতৃত্বে ৩০-৪০ জনের সন্ত্রাসী দল আদিবাসী পল্লীতে হামলা চালায়।
সন্ত্রাসীরা ক্ষিতিশ চন্দ্র, দীবেন, পুষ্পজিৎ, মাখনের বাড়িসহ প্রায় ১০ জনের বাড়ি ভাংচুর করে। যাওয়ার সময় তারা এলাকার একটি কালী মন্দিরে হামলা চালায় এবং কালী মূর্তি নিয়ে যায়।
আহতরা জানায়, প্রায় ১০০ আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরে ওই খাস জমিতে বাস করছেন। ওই জায়গাটি দখলের উদ্দেশে বিএনপি নেতা রাজ্জাক মরিয়া হয়ে ওঠেন।
তারা জানান, এনিয়ে আদিবাসীদের হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু তারা জায়গা ছাড়েননি। তাদের উচ্ছেদের জন্যই এই হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। কে বা কারা ওই হামলা চালিয়েছে তাও তিনি জানেন না।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যতীন শর্মা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই পল্লীতে শুধু আদিবাসী নয় গরীব হিন্দুরাও বাস করেন।
তিনি বলেন, এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে ওই হামলা চালানো হয়। তিনি বিষয়টি জেলা প্রশাসনকেও জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24