২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে উত্তরাঞ্চলে বিনিয়োগের পরামর্শ

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উত্তরাঞ্চলে শিল্প স্থাপনে ব্যাংকগুলোকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

রংপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উত্তরাঞ্চলে শিল্প স্থাপনে ব্যাংকগুলোকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। ওই অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা গ্রাহকদের কাছ থেকে যত আমানত সংগ্রহ করেন ততটুকু বিনিয়োগ করেন না। এতে করে রংপুরের মঙ্গা সমস্যা নিরসন করা যাবে না। এ সমস্যা মোকাবেলায় এ অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।" বৃহস্পতিবার দুপুরে রংপুরে বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে রংপুর অঞ্চলের সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সময় গভর্নর এ কথা বলেন। তিনি বলেন, "ঢাকা, চট্টগ্রাম আর খুলনা ছাড়া বাকি শহরগুলো গ্রাম। সেখানে যতো বড় বড় শিল্প কারখানা স্থাপন করা হোক না কোন লাভ হবে না। ঢাকায় ব্যাংকগুলো বিনিয়োগ করলে রংপুরের মতো অভাবী এলাকায় প্রত্যক্ষভাবে কোন কাজ হবে না। পরোক্ষভাবে তারা হয়তোবা উপকৃত হতে পারেন।" গর্ভনর বলেন, রংপুর অঞ্চলের জমি উর্বর। এখানকার মানুষ পরিশ্রমী। এখানে দীর্ঘ দিনেও কোন শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। যে দুই চারটা কারখানা গড়ে উঠেছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। এই অঞ্চলের মঙ্গা মোকাবেলার জন্য কল-কারখানা করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে। বিশেষ করে নারী উদ্যেক্তাদের ঋণের ব্যবস্থা করতে হবে। রংপুর দিনাজপুর অঞ্চলে অত্যন্ত উঁচুমানের ক্ষুদ্র কুটির শিল্প কারখানা গড়ে উঠেছে মন্তব্য করে সালেহউদ্দিন আহমেদ তাদের ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেন। বাংলাদেশ ব্যাংক গর্ভনর বর্গাচাষীদের কৃষি ঋণ প্রদান করার আহ্বান জানিয়ে বলেন, তাদের ঋণ দেওয়ার পদ্ধতি আরো সহজ করতে হবে। ঋণ দেওয়ার জন্য ব্যাংকারদের বেসরকারি সংস্থার সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খান, রংপুরের মহাব্যবস্থাপক আব্দুস সাত্তারসহ রংপুর অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রধানরা। পরে গর্ভনর রংপুর ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৪৪ ঘ.