২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় জাফরুল্লাহ ও ওবায়দুল করিমের বিরুদ্ধে অভিযোগপত্র

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরুল্লাহ এবং ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরুল্লাহ এবং ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করা হয়। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে অভিযোগপত্র দেন কমিশনের উপ সহকারী পরিচালক মো. আবুল কাশেম। গত ৯ মার্চ কমিশনের সহকারী পরিচালক আশফাকুল ইসলাম গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, কমিশন চলতি বছরের ২৮ জানুয়ারি কাজী জাফরুল্লাহর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু জাফরুল্লাহ নোটিশ পেয়েও তার সম্পদের হিসাব দেননি। ওবায়দুল করিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কমিশনের উপ পরিচালক মো. আবুল হোসেন। গত বছর ৮ অক্টোবর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ওবায়দুল করিম তার হিসাব বিবরণীতে ৪৬ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তিনি ঘোষিত আয়ের বাইরে ৫০ কোটি ৯২ লাখ ৫ হাজার ৪৮০ টাকার সম্পদের মালিক হয়েছেন। এ মামলার এজাহারে ওবায়দুল করিমের স্ত্রী আরজুদা করিম ও ছেলে সালমান ওবায়দুল করিমের নাম থাকলেও অভিযোগপত্রে তাদের অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। জাফরুল্লাহ ও ওবায়দুল করিম দুজনকেই মামলায় পলাতক দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জেকে/২১২৬ ঘ.