২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার নির্বাচনে পিছিয়ে পড়ার আশঙ্কা ইসির

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ জারি না হওয়ায় মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বুধবার গণফোরাম নেতাদের সঙ্গে নির্বাচনী আইন সংস্কার নিয়ে আলোচনার সময় তিনি এ আশঙ্কার কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ জারি না হওয়ায় মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বুধবার গণফোরাম নেতাদের সঙ্গে নির্বাচনী আইন সংস্কার নিয়ে আলোচনার সময় তিনি এ আশঙ্কার কথা জানান। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় সিইসি বলেন, "আমাদের আসল টার্গেট ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা। এর আগে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ এখনো জারি না হওয়ায় সিটি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারছি না। আগামী ২৭ মে চার সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের ভাবনা থাকলেও তা হয়ত পিছিয়ে যেতে পারে।" রাজনৈতিক মহলে সংশয় থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ শেষ হবে বলে জানান তিনি। এরইমধ্যে এ সংক্রান্ত খসড়া প্রস্তুত হয়েছে জানিয়ে সিইসি গণফোরাম নেতাদের বলেন, "আগামী সোমবারের মধ্যে নির্বাচনী এলাকার প্রস্তাবিত সীমানার খসড়ার গেজেট প্রকাশ করা হবে। ১৭ মে তারিখের মধ্যে সংশ্লিষ্টদের আপত্তি গ্রহণ ও শুনানি শেষ হবে।" গত জানুয়ারিতে সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু করে নির্বাচন কমিশন। এতে ১৮টি জেলার আসন সংখ্যা আগের তুলনায় কমবেশি হচ্ছে। বৈঠকের পর ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "ইসির কাছে আইনের সঠিক প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ করেছি। একইসঙ্গে তাদের বলেছি, ২০০৮ সালের মধ্যেই জাতীয় নির্বাচন করতে হবে। এর আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠান হতে পারে।" বৈঠকে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। গণফোরামের প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টচার্য, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট আলতাফ হোসেন, মোকাব্বের খান, মফিজুল ইসলাম কামাল, আবদুর রউফ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/১৯৫১ ঘ.