বাগেরহাট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধি লঙ্ঘন করে দুই স্থানে ভোটার হওয়ার অভিযোগে বাগেরহাটে আট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বুধবার সদর থানায় মামলাটি দায়ের করেন বলে থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন জানিয়েছেন। অভিযুক্তদের মধ্যে তিন জন নারী এবং পাঁচ জন পুরুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাচন কর্মকর্তা জানান, বাগেরহাটে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নে নিয়োজিত সেনা সদস্যরা ওই আট জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নির্বাচন কার্যালয়কে লিখিতভাবে জানালে তারা মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, সাহেব আলী হাওলাদার, শেখ রওনাকুল ইসলাম, মোসলেম মিনা, আশরাফ হোসেন, সোহরাব হাওলাদার, রওশন আরা বেগম, আঞ্জু মনোয়ারা বেগম ও সুরমা বেগম। এরা বাগেরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি সদর উপজেলার যাত্রাপুর, কাড়াপাড়া ও গোটাপাড়া ইউনিয়নে ভোটার তালিকায় নাম নিবন্ধন করিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, ২০০৭ সালের ভোটার তালিকা অধ্যাদেশের ৭(১৮) ধারায় মামলাটি দায়ের করা হয়। নির্বাচন কমিশনের বিধি অনুয়ায়ীই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২০ ঘ.
bdnews24