২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদে মে মাসে কয়লা নীতি উপস্থাপন করা হতে পারে

এপ্রিল মাসে কয়লা নীতির পর্যালোচনা শেষ করে মে মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। জ্বালানি বিভাগ খসড়ার পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এপ্রিল মাসে কয়লা নীতির পর্যালোচনা শেষ করে মে মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। জ্বালানি বিভাগ খসড়ার পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়লা নীতির পর্যালোচনা হচ্ছে। আশা করি দ্রুত শেষ হবে। মে মাসের প্রথম দিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে।" মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরামর্শক কমিটির জমা দেওয়া খসড়ার বড় ধরনের পরিবর্তন করা হচ্ছে না। দেশের বিদ্যমান অন্যান্য নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কয়লা নীতি প্রণয়ন করা হবে। পর্যালোচনা শেষ হলে জনসাধারণের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে। কয়লা নীতির খসড়া পর্যালোচনার জন্য কমিটি গঠনের কথা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত মন্ত্রণালয় নিজেই পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। খসড়া কয়লনীতি পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০০৭ সালের ২১ জুন বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মতিন পাটোয়ারিকে আহ্বায়ক করে আট সদস্যের কমিটি গঠন করা হয়। পরে কমিটির সদস্য আরও দু'জন বাড়ানো হয়। ওই কমিটি গত বছরের ডিসেম্বর মাসে মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়। পরামর্শক কমিটির জমা দেওয়া প্রতিবেদনে কয়লার রয়্যালটি (সরকারের প্রাপ্য অংশ) নির্ধারণের দায়িত্ব একটি উচ্চ পর্যায়ের কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, কয়লা উত্তোলনের জন্য সরকারি হোল্ডিং কোম্পানি 'কোল বাংলা' গঠনের প্রস্তাব করা হয়েছে। কয়লা নীতির অপর স্পর্শকাতর বিষয় কয়লা উত্তোলনে উন্মুক্ত ও সুড়ঙ্গ দু'পদ্ধতিরই উল্লেখ থাকছে কয়লা নীতিতে। এতে উভয় পদ্ধতির ভাল মন্দ ব্যাখ্যা করা হয়েছে। একটি উন্মুক্ত পদ্ধতির খনি করা হবে। এটি হবে বড় পুকুরিয়ায়। যা হবে সবচেয়ে কম গভীরতায় ১১৮ মিটার পর্যন্ত। আটশ হেক্টরের বেশি জমিতে উন্মুক্ত পদ্ধতিতে খনি খনন করা যাবে না। রপ্তানির বিষয়ে বলা হয়েছে, কয়লা রপ্তানি করা যাবে না। তবে উন্নতমানের কোকিং কয়লা বা কয়লা থেকে উৎপন্ন পণ্য রপ্তানি করা যাবে। কয়লা খনির উন্নয়নে সরকার ও বেসরকারি যৌথ উদ্যোগকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সরাসরি বেসরকারি কোম্পানির কাছে ইজারা দেওয়া যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এমএ/১৮১৫ঘ.