ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার রাজধানীর রমনা থানায় মামলা দুটি করা হয়। কোকোর বিরুদ্ধে ২ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন ও ১১ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি করেছেন কমিশনের উপপরিচালক মো. আবু সাইদ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমের বিরুদ্ধে মামলার বাদি কমিশনের উপপরিচালক আব্দুল করিম। তার বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি ৩৮ লাখ টাকার সম্পত্তি অর্জন এবং দুদকে দাখিল করা বিবরণীতে ২২ লাখ ২৯ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ করা হয়েছে।
গত বছরের ১৮ ডিসেম্বর কোকোর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। এর জবাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে চলতি বছরের ১০ জানুয়ারি ৮ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৪৮১ টাকার সম্পত্তির হিসাব জমা দেন তিনি। এই হিসাবে তিনি দেনা দেখান ৩৪ লাখ ৪ হাজার ৭০ টাকা।
শেখ সেলিম গত বছরের ২২ জুলাই কমিশনের কাছে ৪ কোটি ১৫ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিয়েছিলেন। দুজনেই বর্তমানে কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসএনডি/এমএইচবি/২০৩৪ ঘ.
bdnews24