২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনার মুক্তি দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মিছিল-মানববন্ধন

কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তির দাবিতে বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্রদল ও ছাত্রলীগ আলাদাভাবে দুটি কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

সিলেট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তির দাবিতে বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্রদল ও ছাত্রলীগ আলাদাভাবে দুটি কর্মসূচি পালন করে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে মানববন্ধন করে ছাত্রলীগ। বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ক্যাম্পাসে ওই কর্মসূচি পালন শেষে সমাবেশও করে ছাত্রলীগ। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি জয়দেব পাল, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সাদ উদ্দিন মাহফুজ। তারা অবিলম্বে শেখ হাসিনাসহ আটক সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেন। এর আগে সকাল ১১টার দিকে মানববন্ধন ও মিছিল বের করে ছাত্রদল। মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এইচ এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারাবন্দি খালেদা জিয়া, তারেক রহমানসহ রাজনৈতিক নেতাদের মুক্তি এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে তারা ওই কর্মসূচি পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৬ ঘ.