ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। কারাবন্দি খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে বিএনপি কোনও নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। খোন্দকার দেলোয়ার হুঁশিয়ারি দিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের অপর অংশের নেতা হাফিজউদ্দিন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাদের পদত্যাগ করতে হবে। এ কমিশন বিতর্কিত হয়ে পড়েছে। এরা তিনজনই 'হিজ মাস্টার্স ভয়েস'।"
নির্বাচন কমিশনের চিঠি দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিবের কাছে পাঠানোসহ কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি।
সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, "সরকার একটি নীলনকশার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে। জনপ্রিয় দুই নেত্রীকে বাদ দিয়ে তারা বাছাই করা ব্যক্তিদের দিয়ে একটি 'সিলেক্টিভ পার্লামেন্ট' গঠন করতে চায়। এটা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। কোনও পাতানো কিংবা ষড়যন্ত্রের নির্বাচনে বিএনপি অংশ নেবে না।"
দলের 'সংস্কারপন্থী' অংশের অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন খালেদা জিয়া মনোনীত মহাসচিব।
'নির্বাচন কমিশনের সংলাপে খোন্দকার দেলোয়ারকে নিয়ে যাব'- মেজর হাফিজের এ আহ্বান প্রত্যাখ্যান করে খোন্দকার দেলোয়ার বলেন, "মেজর হাফিজ আমাকে নিয়ে যাওয়ার কে? তাকে তো আমি স্বীকারই করি না। মেজর হাফিজ দলের সহ-সভাপতি। ম্যাডামের কাছ থেকে প্রতিনিয়ত নির্দেশ পাচ্ছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
'একটি মহল' দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলামসহ দলীয় নেতাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন খোন্দকার দেলোয়ার।
হুমকিদাতাদের পরিচয় প্রকাশ না করে তিনি আরও বলেন, "একটি বিশেষ মহল বিভিন্ন এলাকার চেয়ারম্যানসহ নেতাদের ডেকে ফ্যাক্টরি থেকে তৈরি সরকারি বিএনপির সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার চাপ দিচ্ছে।"
নির্বাচন কমিশনের চিঠি না দলের অপর অংশকে দেওয়ার বিষয়ে পরবর্তী করণীয় সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলে খোন্দকার দেলোয়ার জানান। তবে ইসির চিঠি না পেলেও উপদেষ্টাদের সঙ্গে প্রাক সংলাপে বসবেন বলে তিনি জানান।
বুধবার প্রাক সংলাপের সময় নির্ধারিত থাকলেও উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের কারণে তা হচ্ছে না বলে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আজ (বুধবার) উপদেষ্টা পরিষদের বৈঠক আছে বলে প্রাক সংলাপ হচ্ছে না। এটা শনিবার হবে বলে আমাকে জানিয়েছেন। সময় পরে জানাবেন।"
এর আগে সকালে বৈঠকে নির্বাচন কমিশনের সংলাপের চিঠি 'সংস্কারপন্থীদের' দেওয়া, সরকারের সঙ্গে প্রাক সংলাপ বৈঠক, দলীয় নেতা ও সাবেক সাংসদদের ওপর সরকারের দমননীতির বিষয়ে আলোচনা হয় বলে করা হয় 'দেলোয়ারপন্থী' নেতারা জানান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৫৩২ঘ.
bdnews24