২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদনে আসতে পারছে না ফেঞ্চুগঞ্জ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

গত বছরের অক্টোবর এবং পরে এ বছর ফেব্র"য়ারি মাসে উৎপাদন শুরুর কথা থাকলেও ফেঞ্চুগঞ্জের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করতে পারেনি। উৎপাদনে আসতে না পারার কারণ হিসেবে এ মাসে সার্ভার চুরি যাওয়াসহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান হারবিন পাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছরের অক্টোবর এবং পরে এ বছর ফেব্র"য়ারি মাসে উৎপাদন শুরুর কথা থাকলেও ফেঞ্চুগঞ্জের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করতে পারেনি। উৎপাদনে আসতে না পারার কারণ হিসেবে এ মাসে সার্ভার চুরি যাওয়াসহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান হারবিন পাওয়ার। তবে মঙ্গলবার এ ব্যাপারে আশাবাদ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রুত উৎপাদনে চলে আসবে এ বিদ্যুৎ কেন্দ্র। নিয়ন্ত্রণ বিভাগের (কন্ট্রোল প্যানেল) অনুমোদন পেলেই এ বিদ্যুৎ কেন্দ্রের দু'টি ইউনিট চালু হবে। ওই ইউনিট দুটি চালুর তিন সপ্তাহের মধ্যে অপর ইউনিটটিও চালু করা হবে।" নাম না প্রকাশ করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অক্টোবরের মধ্যে উৎপাদন শুরু করার জন্য হারবিন পাওয়ারকে বলা হয়েছিল। কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে উৎপাদন শুরু করতে পারেনি তারা। দ্রুত উৎপাদন শুরু করা গেলে বর্তমান বিদ্যুৎ ঘাটতি কিছুটা হ্রাস পেত।" ২০০৬ সালের অক্টোবর মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়। তিন ইউনিট বিশিষ্ট এ বিদ্যুৎ কেন্দ্রের ৩৩ মেগাওয়াটের দু'টি ইউনিট গ্যাস টারবাইন ও ৩৩ মেগাওয়াটের অপর একটি ইউনিট কম্বাইন্ড সাইকেল। ৭১৭ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের কাজ পায় হারবিন পাওয়ার। এদিকে বিদ্যুৎ ঘাটতি থাকার পরও বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমানো হচ্ছে। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান এবং জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানাতে গ্যাস সরবরাহ নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ড. এম ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমে গেছে। এমন কিছু করা যাবে না যাতে সার কারখানার উৎপাদন ব্যাহত হয়। এ জন্য বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএ/১৪২৬ ঘ.