ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তর জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের রায় দেওয়া হবে বুধবার।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেবে।
মঙ্গলবার বিকেলে প্রকাশিত আপিল বিভাগের বুধবারের কার্যতালিকার এক নম্বর ক্রমিকে সরকারের আপিলটি রায় ঘোষণার জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
গত সোমবার আপিলটির ওপর রায় দেওয়ার তারিখ থাকলেও অস্স্থুতার কারণে বিচারপতি হাসান আমিন দু'দিনের ছুটি নেওয়ায় তারিখ পিছিয়ে যায়।
গত ১৫ এপ্রিল এ আপিলের শুনানি গ্রহণ শেষ হয়। এতে সরকার পক্ষের যুক্তি ছিল, জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ) বিধিতে বলা আছে, এ আইনে দায়ের করা মামলার অনুসন্ধান ও তদন্ত চলার সময় অভিযুক্ত ব্যক্তি কোনো আদালত বা ট্রাইবুনালে জামিনের আবেদন জানাতে পারবেন না। এই ধারায় আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকেও বোঝানো হয়েছে। তাই অভিযুক্ত ব্যক্তি হাইকোর্টেও জামিনের আবেদন জানাতে পারবে না।
জামিন আবেদনকারী পক্ষের যুক্তি হলো, কোনো ব্যক্তি আদালতে জামিন চাইতে পারে না- এ ধরনের আইন প্রণয়নের এখতিয়ার নির্বাহী কর্তৃপক্ষের নেই। এটি সংবিধান ও মানবাধিকার পরিপন্থি। জরুরি ক্ষমতা বিধিমালায় উল্লেখিত আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকে বোঝায় না। তাছাড়া মূল আইন 'জরুরি ক্ষমতা অধ্যাদেশ' এ জামিন বিষয়ে কিছু বলা না থাকলেও বিধিমালায় জামিন চাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূল আইনকে লঙ্ঘন করে কোনো বিধিমালা করা যায় না।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। জামিন আবেদনকারী মাইজউদ্দিনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
গতবছর ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জামিনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।
এরপর ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালায় করা মামলায় খুলনার তেল ব্যবসায়ী মাইজউদ্দিন সিকদার হাইকোর্টে গত বছর ২৯ মার্চ জামিন আবেদন করেন।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আপত্তি জানিয়ে বলা হয় জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালায় উচ্চ আদালত জামিন দিতে পারবে কিনা- এ প্রশ্নে হাইকোর্ট তখন বিস্তারিত শুনানি গ্রহণ করে।
গত বছর ২২ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা ও জামিন দিতে পারবে বলে রায় দেয়। আদালত মাইজউদ্দিনকে জামিনও দেয়।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার আপিলের আবেদন করলে গত বছর ২০ সেপ্টেম্বর আপিল বিভাগ তা মঞ্জুর করে। সরকারকে নিয়মিত আপিল করতেও তখন নির্দেশ দেয় আদালত। সরকার পরে নিয়মিত আপিল করে।
এর আগে গত বছর ২৪ মে হাইকোর্টের রায় স্থগিত করে দেয় আপিল বিভাগ। তবে মাইজুদ্দিনের জামিন আদেশ স্থগিত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২২৯ ঘ.
bdnews24