২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগরীতে বাস মালিকদের একটির বেশি সংগঠন থাকবে না

মহানগরীতে বাস মালিকদের একটির বেশি সংগঠন থাকবে না। এই সংগঠনে শ্রমিক নেতাদেরও অর্ন্তভুক্ত করা হবে। চট্টগ্রাম নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথবাহিনী মঙ্গলবার মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীতে বাস মালিকদের একটির বেশি সংগঠন থাকবে না। এই সংগঠনে শ্রমিক নেতাদেরও অর্ন্তভুক্ত করা হবে। চট্টগ্রাম নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথবাহিনী মঙ্গলবার মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। সীতকুণ্ডের ভাটিয়ারিতে সকাল থেকে দুপুর পর্যন্ত চারঘন্টাব্যাপী বৈঠকের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর উপ পুলিশ কমিশনার (যানবাহন) মো. আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে কোন মূল্যে চট্টগ্রাম মহানগরীর সব রূটে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু রাখার ব্যাপারে সবাই একমত হয়েছে। তিনি আরও জানান, সভায় মহানগরীর প্রতিটি রুটে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালুর প্রক্রিয়া গতিশীল রাখতে রুটভিত্তিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই উপ-কমিটি কাউন্টারে টিকেট বিক্রি থেকে শুরু করে যাত্রীদের অভিযোগ, মালিক-শ্রমিকদের সমস্যাসহ যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করবে। ওই উপ-কমিটিতে প্রশাসনের পাশাপাশি মালিকদের প্রতিনিধি থাকবে। মো. আলী মিয়া আরও জানান, কাউন্টারভিত্তিক বাস সার্ভিস ভন্ডুলের চেষ্টা হলে কঠোরভাবে তা মোকাবেলা করা হবে বলে বৈঠকে উপস্থিত মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোন বাসে লাইসেন্সবিহীন চালক পাওয়া গেলে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে যৌথবাহিনীর পক্ষে লে. কর্নেল মাহদী নাসরুল্লাহ শহীদ, মেজর ইফতিখারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের পক্ষে সিএমপির ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আলী মিয়া এবং বাস মালিকও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১৪ এপ্রিল থেকে নগরীতে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করা হলেও কয়েকটি মালিক ও শ্রমিক সংগঠন তা না মেনে পরিবহন ব্যবস্থায় নৈরাজ্যের সৃষ্টি করে। তারা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। চট্টগ্রামের শহর ভিত্তিক বাস মালিকদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২১০ ঘ.