ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে গণফোরাম।
সরকারেরর পাঁচ উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় প্রাক সংলাপ বৈঠকে গণফোরাম নেতারা এ আহ্বান জানান।
জাতীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের আট সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, কমোডর আবদুর রউফ, সাবেক হুইপ আবদুর রউফ, মফিজুল ইসলাম খান কামাল, এস এম আলতাফ হোসেন, ও মোস্তফা মহসিন মন্টু।
সরকার পক্ষে ছিলেন, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সোয়া একঘণ্টা বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, "আমরা জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে দেশে একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন চেয়েছি। এ ব্যাপারে সরকারকে আরো সক্রিয় এবং তাদের কার্যক্রম শক্তিশালী করার কথাও বলেছি। আমরা মনে করি, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও কালোটাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সঙ্কট কাটতে পারে।"
উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "ড. কামাল হোসেন কেবল গণফোরাম নেতা নন, নাগরিক সমাজের প্রতিনিধিত্বও করেন তিনি। আমরা একইসঙ্গে দু'পক্ষেরই মতামত শুনেছি। তারা দলীয় প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24