ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে সোমবার দুপুরে নিজ ফ্ল্যাটে লেখক মুমিনা আহমেদকে হত্যার ঘটনায় আটক ফারুক বসুনিয়া আদালতে বলেছে, খুনের উদ্দেশ্য তার ছিল না। দুর্ঘটনায় মারা গেছেন মুমিনা।
অন্যদিকে, মুমিনার ভাই শফিকুল হুদার সন্দেহ, এক প্রকাশনা ব্যবসায়ীর সঙ্গে বিরোধের কারণে তাকে খুন করা হতে পারে। তবে ওই প্রকাশক এ অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার দুপুরে ধানমন্ডির নিজ অ্যাপার্টমেন্টে লেখক মুমিনা আহমেদকে গলা কেটে হত্যা করা হয়। হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীরা। ফারুক নিহত মুমিনার দূরসম্পর্কের ভাতিজা।
ধানমন্ডি থানা পুলিশ ফারুককে মঙ্গলবার তিন দিনের রিমান্ডে নেয়। ফারুক আদালতকে বলেন, "ফুপুর (মুমিনা আহমেদ) হাতে ছিল তরমুজ কাটার ছুরি। তিনি বিছানায় বসেছিলেন। টাকা চেয়েছিলাম, কিন্তু না পেয়ে ফুপুকে ধাক্কা দেই। এরপর তার হাতে থাকা ছুরিটি কীভাবে গলায় লাগলো বুঝতে পারিনি।"
ফারুককে মঙ্গলবার মহানগর হাকিম শাহনাজ সুলতানার আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তার কাছে ঘটনার বর্ণনা শুনতে চাইলে ফারুক এ কথা বলেন। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু-গৃহকর্মী মমতাও মঙ্গলবার আদালতে জবানবন্দি দেয়। তবে আদালতে সে কী বলেছে জানা যায়নি।
মমতা সোমবার সাংবাদিকদের বলেছিল, "বড়মার (মুমিনা আহমেদ) চিৎকার শুনে তার শোবার কক্ষে ছুটে গিয়ে দেখি ফারুক চুলের মুঠি ধরে একটি চাকু দিয়ে বড়মাকে জবাই করছে। আমাকে দেখে ফারুক বলে 'তুই কাছে আসলে তোকেও জবাই করব।"
এদিকে, মুমিনার ছোট ভাই প্রবাসী শফিকুল হুদা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বোনের সঙ্গে 'ব্যতিক্রম প্রকাশনীর স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দু'টি মামলা চলছে। মুমিনা আহমেদ একবার আনোয়ারুল ইসলামকে ঋণ হিসাবে ৬ লাখ ২০ হাজার এবং আরেকবার দু'লাখ টাকা দেন। পরে আনোয়ারুল ইসলাম ৬ লাখ ২০ হাজার টাকার একটি চেক দিলেও ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় সেটি ফেরত আসে। চেক ফেরত আসায় একটি এবং দু'লাখ টাকা না দেওয়ায় আরেকটি মামলা করেন মুমিনা। এর মধ্যে একটি মামলায় আনোয়ারুল ইসলামের সাজাও হয়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে জামিন পান। দু'লাখ টাকার মামলার শুনানি ২২ এপ্রিল হওয়ার কথা ছিল।
শফিকুল হুদা বলেন, "১৯ এপ্রিল বুবু (মুমিনা) আমাকে ফোন করে জানায়, অজ্ঞাত এক লোক তাকে ফোন করে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বলেছে। মামলা না তুললে ক্ষতি হবে বলে হুমকি দেয় সে। এ কথা শুনে বুবুকে থানায় জিডি করার জন্য বলি। ২২ এপ্রিল মামলার শুনানি পর থানায় জিডি করার কথা ছিল।"
তিনি জানান, সামান্য কিছু টাকার জন্য ফারুক খুন করবে এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ঘটনার সময় বাসায় মুমিনা আহমেদ এবং গৃহপরিচারিক ছাড়া আর কেউ ছিল না। ফারুক ইচ্ছা করলে সবার অগোচরে বেশি দামের জিনিস সরাতে পারত। খোলা আলমারি থেকে সে টাকা বা স্বর্ণালঙ্কারও নিতে পারতো। সে তো কিছুই নেয়নি। নেওয়ার চেষ্টাও করেনি।
শফিকুল হুদা অভিযোগ করেন, বোনকে হত্যার সঙ্গে আনোয়ারুল ইসলামের মামলার যোগসূত্র থাকতে পারে।
ব্যতিক্রম প্রকাশনীর স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলাম অবশ্য দাবি করেছেন, হত্যার ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "যে ধরা পড়েছে তার কাছ থেকেই প্রকৃত তথ্য পাওয়া যাবে। সে কী বলে সেটাই এখন দেখার বিষয়। এখানে আমার নিজেকে নির্দোষ দাবি করে তো কোনো লাভ নেই।"
হত্যার ঘটনায় ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলার অগ্রগতি তদারক করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুককে সোমবার প্রায় সারারাত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টাকা না দেওয়ায় হত্যার ঘটনা ঘটেছে বলে সে দাবি করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মীর মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুককে রিমান্ডে নিয়ে নতুন তথ্য পাওয়ার চেষ্টা করা হবে।
ব্যতিক্রম প্রকাশনীর সঙ্গে টাকা নিয়ে বিরোধের বিষয়টি সম্পর্কে তিনি বলেন, "মুমিনার ছেলের করা মামলায় এ বিষয়টি নেই। তবুও আমরা তদন্ত করে দেখব।"
ফারুক কে?
মুমিনার ফুপুর সতীনের ছেলে আনিসার রহমান বসুনিয়ার চার ছেলের মধ্যে ফারুক বসুনিয়া তৃতীয়। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকায়।
মুমিনার এক ভাই আমিরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরগঞ্জের ওপর একটি বই লিখেছেন তার বোন। এজন্য ১৯৯৮ সালের দিকে কিছুদিন সুন্দরগঞ্জে অবস্থানের সময় ফারুক বসুনিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর বাংলা একাডেমীর কোনো একবারের বইমেলায় হঠাৎ করে ফারুকের সঙ্গে মুমিনার দেখা হয়। এরপর থেকেই ফারুক মুমিনার বাসায় ফারুক আসতো। সে কলেজের বেতন, বই কেনাসহ নানা অজুহাতে টাকা নিতে শুরু করে।
নিহত মুমিনার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মায়ের দাফনের জন্য তার বড় ছেলে সাইফুল আহমেদ রাতে রাশিয়া থেকে দেশে ফিরেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশ ধানমণ্ডির বাসায় আনা হবে। একঘণ্টা সেখানে রাখার পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে। এরপর বনানী গোরস্তানে মুমিনা আহমেদকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এসএনডি/এমএইচবি/২১০৫ ঘ.
bdnews24