গাজীপুর/ময়মনসিংহ,এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদূর দিনাজপুর থেকে সরাসরি কৃষি উপদেষ্টা ড. সিএস করিমকে ফোন করে কৃষক আবুল খায়ের মন্ডল (৪৮) বলছেন, গত ১৫ বছরে নিজের জমিতে এমন আবাদ দেখেননি তিনি। বীজ, সার ও সেচের জন্য বিদ্যুৎ সবই সময় মতো পেয়েছেন।
আবুল খায়ের বলছেন, "হাইব্রিড ধানের জন্য সময় মতো এসব পাওয়া খুবই জরুরি।" সময়মতো তা পেয়েছেনও তিনি। তার চোখে তাই বোরোর বাম্পার ফলনের স্বপ্ন।
কৃষি বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তার কণ্ঠেও সতর্ক আশাবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত যেটুকু হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। তবে এখনো আশংকা থেকেই যায়। বোরোর মৌসুম হচ্ছে দীর্ঘ। মে মাসের শেষ পর্যন্ত ফসল আবাদের সময় থাকে।"
বর্তমান সময়টিকে স্পর্শকাতর অভিহিত করে তিনি বলেন, "এখন তাপমাত্রা বেশি। তাই সেচ ঠিকমতো না হলে লক্ষ্যমাত্রা অতিক্রমের আশা পূরণ নাও হতে পারে। সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের আশংকা তো আছেই।"
ড. ইসলাম জানান, সরকারি হিসেবে এবার বোরো চাষ করার কথা ৪৬ লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে। তবে আবাদী জমি আরো বেশি হতে পারে বলে ধারণা করছেন তিনি।
তার হিসেবে, ৪৫ লাখ হেক্টর জমিতে আশানুরূপ ফলন হলে অন্তত এক কোটি ৭৫ লাখ টন ধান হওয়ার কথা। তবে ফলন এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
ময়মনসিংহের ত্রিশালে ধানকাটা দেখতে নেমে আশাতিরিক্ত ফলনের আভাস মিললো। জেলা প্রশাসক শামসুল আলম ও কৃষি কর্মকর্তা মকবুল হোসেন তালুকদার জানান, এখানে হেক্টর প্রতি তিন দশমিক সাত টন ধানের আশা করা হলেও হয়েছে তিন দশমিক আট টন। জেলার পুরো প্রশাসন এবার একদিকেই মনোযোগ রেখেছে। তা হলো, কৃষি।
গতবারের তুলনায় ২৭ শতাংশ বেশি ফলনের আশা প্রকাশ করে তারা জানান, জেলায় দুই লাখ নয় হাজার একর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে দুই লাখ ৬৬ হাজার একর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ১০ লাখ টন। জেলায় সার কিংবা বিদ্যুতের কারণে সেচের কোনো সংকট ছিল না বলেই এটা সম্ভব হয়েছে বলে তারা জানান।
শম্ভুগঞ্জে অনেক কৃষক সমবেত হয়েছিলেন ডিজেলে ভর্তুকির টাকা নিতে। সেই সব কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষি উপদেষ্টা।
প্রত্যেক কৃষককে প্রতি একর জমির জন্য এবার ডিজেল ভর্তুকি হিসাবে ৫৪৫ টাকা দেওয়া হচ্ছে। এ টাকা যথেষ্ট নয় বলে উপস্থিত কৃষকদের কাছে স্বীকার করলেন উপদেষ্টা।
বললেন, "এটা যথেষ্ট নয় বলে আমরাও বুঝি। এটা কৃষকদের সরকারি সহায়তার প্রতীকী নিদর্শন।"
দুই দফা বন্যা আর সিডরের পরও বোরোর বাম্পার ফলনের অবদান পুরোপুরি কৃষকদের দিয়েছেন ড. সিএস করিম।
তিনি বলেন, "কৃষকরা আমাদের জাতীয় বীর। এ সাফল্যের রূপকার তারাই।"
ময়মনসিংহ জেলা প্রশাসন ও দিনাজপুরের বিরামপুরের আবুল খায়ের মন্ডলের কথার একেবারে বিপরীত চিত্র মিললো গাজীপুরে। জেলার শ্রীপুরের কয়েকটি জায়গায় কৃষকদের মুখে সেচের জন্য বিদ্যুৎ না পাওয়ার হা পিত্যেশ। এসব শুনে সেখানে উপস্থিত উপদেষ্টাকে সরাসরি ফোন করতে দেখা গেলো বিদ্যুৎ বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. ম তামিমকে।
উপদেষ্টাকে টেলিফোনে বলতে শোনা গেলো, "আপনি শহরের মানুষকে আর সপ্তাহ দুয়েক কষ্ট দিয়ে হলেও কৃষকদের পর্যাপ্ত বিদ্যুৎ দিন।"
এ সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের মানুষ আর দু'সপ্তাহ তাদের জীবনমান নিয়ে আপোষ করলে বোরো মৌসুমে আমরা ইতিহাসের সর্বোচ্চ ফলন পেতে পারি।"
চরম বিদ্যুৎ সংকটে কৃষকের দুর্ভোগের চিত্র উপদেষ্টা দেখলেন সরজমিনে। গাজীপুরের শ্রীপুরের কয়েকটি প্রকল্পে জমিতে পানির দেখা মিললেও অনেক জায়গায় দেখা গেছে ফাটল।
বাংলাহাটি গ্রামের প্রায় ৬০ বছর বয়সী কৃষক আবুল হাশেম বলেন," ঠিকমতো সেচ দিতে না পারায় অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ থাকে না দিনভর। রাত ১১টার পর বিদ্যুৎ থাকে।"
মোহাম্মদ সিদ্দিক নামের আরেক কৃষক জানান, তিনি দেড় কেজির এক প্যাকেট বীজ কিনেছেন তিনশ' টাকায়। উপস্থিত একজন কৃষি কর্মকর্তা তাকে ৩০ মণ ধান পাওয়ার আশা করছেন কিনা জানতে চাইলে সিদ্দিক উত্তর দেন, তার আশা ৩৬ মণ।
দেশব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় বোরো মৌসুমের ফলন বাড়াতে সরকার এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। সরকারি সেই সহায়তা কৃষকের কাছে পৌঁছছে কিনা তারও খোঁজখবর নেন উপদেষ্টা করিম।
সরকার এবার কৃষিখাতে ভর্তুকি দিয়েছে চার হাজার কোটি টাকা। এবারই প্রথম ডিজেলে ভর্তুকির টাকা সরাসরি দেয়া হচ্ছে কৃষকদের। প্রায় ৬৭ লাখ কৃষকের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে আড়াইশ কোটি টাকা।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, সেচের ৮০ শতাংশই চলে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে। তাই বিদ্যুতের অপ্রতুলতা বড় ধরনের প্রভাব ফেলবে না।
ডিজেল ভর্তুকির টাকা মোহাম্মদ সিদ্দিক পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি উপস্থিত কৃষি কর্মকর্তাদের সামনেই বললেন, না। সরকার এবার ১৮ টাকা কেজি প্রতি দরে ধান এবং ২৮ টাকা কেজি দরে চাল কিনবে এ তথ্য সিদ্দিক জানে কিনা জিজ্ঞেস করেন উপদেষ্টা। এবারেও উত্তর, না।
১৫শ টাকার সারের বস্তা ভর্তুকি দিয়ে ৩০০ টাকায় কৃষকদের কাছে বিক্রির কথা জানালে সিদ্দিক জানান, তিনি কিনেছেন ৩২৫ টাকায়। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের এসব তথ্য কৃষকদের জানানোর দায়িত্ব থাকলেও কৃষকরা তা জানতে না পারায় উপদেষ্টা তাৎক্ষনিক ওই এলাকার কৃষি উপ পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
কৃষি উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধান ও চাল সংগ্রহের যে দর এবার সরকার নির্ধারণ করেছে,তাতে কৃষকরা ৪০ শতাংশ লাভের মুখ দেখবে।
শ্রীপুরের তেলিয়াহাটিতে গিয়ে বিদ্যুৎ সংকটের আরো খারাপ চিত্র দেখা গেছে। এখানকার বেরাসরা গ্রামের কৃষক শরীফ বলেন, "বিদ্যুৎ এর জন্য খুব অসুবিধায় আছি। গত ২/৩ বছরের চেয়ে এবার বিদ্যুতের সমস্যা বেশি।"
তিনি বলেন,"বি আর-২৮ ধান কাটার সময় হয়ে গেছে। সেচের সমস্যার কারণে ফসল নষ্ট হচ্ছে। ২০-২৫ দিন পরে বি আর-২৯ ও ১৬ ধান কাটা হবে। সেজন্য সেচের খুব দরকার।"
মোহাম্মদ মজিবুর রহমান খান নামে এক কৃষক বলেন, "২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে মাত্র ২ ঘন্টা।"
বিদ্যুতের অপেক্ষায় সারারাত জেগে থাকেন তিনি। এই এলাকারই ডিপ টিউব ওয়েল ড্রাইভার মো. ফরহাদ হোসেন বলেন, "১৮ ঘন্টাই বিদ্যুৎ থাকে না। শেষ রাতে বিদ্যুৎ আসে। তাই রাত জেগে বিদ্যুতের অপেক্ষা করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/জিএনএ/এমএ/১৭৩৫ ঘ.
bdnews24