২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসির অর্থনৈতিক ও প্রশাসনিক স্বাধীনতা নেই: চেয়ারম্যান

অর্থনৈতিক ও প্রশাসনিক স্বাধীনতা না থাকায় দায়িত্ব পালনে সমস্যা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়াম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম। তিনি বলেন, "বিটিআরসির অর্থনৈতিক ও প্রশাসনিক স্বাধীনতা নেই। এ জন্য দায়িত্ব পালনে আমাদের বেগ পেতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 08:09 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থনৈতিক ও প্রশাসনিক স্বাধীনতা না থাকায় দায়িত্ব পালনে সমস্যা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়াম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম। তিনি বলেন, "বিটিআরসির অর্থনৈতিক ও প্রশাসনিক স্বাধীনতা নেই। এ জন্য দায়িত্ব পালনে আমাদের বেগ পেতে হয়। এ ব্যাপারে আইন পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। জরিমানার হার বাড়ানো ও প্রশাসক নিয়োগের প্রস্তাবও রাখা হয়েছে সেখানে।" সোমবার বিটিআরসি কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিটিআরসির চেয়ারম্যান মনজুরুল আলম। বিটিআরসির চেয়ারম্যান বলেন, "তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতকে একটি মন্ত্রণালয়ের অধীনে আনা না হলে এর কার্যক্রমে সমন্বয় হবে না। বর্তমানে তিনটি মন্ত্রণালয় এ খাতকে নিয়ন্ত্রণ করছে।" মোবাইল কোম্পানিগুলো বেআইনি কাজ করলে প্রশাসক নিয়োগ করা হতে পারে, তবে লাইসেন্স বাতিল করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। গ্রাহক সেবা নিশ্চিত করার প্রতিশ্র"তির কথা জানিয়ে মনজুরুল আলম বলেন, "মোবাইল সিম কার্ডের ওপর কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে বলা হবে এবং সাবমেরিন কেবল্ এর ব্যান্ডউইথ ফি আরও কমানো হবে।" বিটিআরসি চেয়ারম্যান বলেন, "কল সেন্টার স্থাপনের বিষয়ে ৭/৮ বছর আগে সিদ্ধান্ত নিলে আমরা বিশ্ব বাজারের বড় অংশ ধরতে পারতাম। তবে এখন থেকে ঠিক মতো চালাতে পারলে ২/৩ বছরের মধ্যে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কল সেন্টারের জন্য সাবমেরিন কেবল্ এর ব্যান্ডউইথ ফি ৬০ ভাগ কমে দেওয়ার জন্য বিটিটিবিকে বলা হয়েছে। এছাড়া ওয়াইম্যাক্স, আইপি টেলিফোনি ও থ্রিজিসহ নতুন প্রযুক্তি চালুর চেষ্টা করছি।" তিনি জানান, পিজিসিবির অপটিক্যাল ফাইবার কেবল্ এর ফি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে মফস্বলের গ্রাহকরা কম দামে ব্যান্ডউইথ পায়। এতে 'রুরাল কানেন্টিভিটি' বাড়বে। বিকল্প সাবমেরিন কেবল্ সংযোগের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট স্থাপনের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের কাছ থেকে 'অরবিট' নেওয়া হয়েছে। বাংলাদেশের নিজস্ব বা যৌথ উদ্যোগে স্যাটেলাইট চালু করা হবে। এর জন্য পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে। এতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ব্যয় কমে যাবে। মোবাইল ফোনের সেবার মান দিন দিন খারাপ হচ্ছে মন্তব্য করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, "মোবাইল অপারেটরের গ্রাহক বাড়ছে। আমাদের যতটুকু ফ্রিকোয়েন্সি আছে তা অপারেটরদের দিয়ে দিব। আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।" তিনি জানান, গ্রামীণ জনগণকে টেলিযোগাযোগের আওতায় আনার জন্য পিএসটিএন অপারেটরদের নেশনওয়াইড লাইসেন্স দেওয়া হচ্ছে। টেলিসেন্টার স্থাপনের জন্যও বেসরকারি উদ্যোক্তাদের সমর্থন দিচ্ছে বিটিআরসি। তিনি আরো বলেন, "রুরাল কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দিচ্ছি আমরা। শুধু ইন্টারনেট ব্যবহার নয়, গ্রামের মানুষ যেন প্রবাসী আত্মীয়দের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে সে ব্যবস্থা করা হবে।" দুর্গম ও প্রত্যন্ত এলাকায় কার্যক্রম চালানোয় উৎসাহ দিতে মোবাইল অপারেটরদের ভর্তুকি (ইউনিভার্সেল সার্ভিস ফান্ড) দেওয়া ও 'কনটেন্ট প্রোভাইডার'দের (যারা মোবাইল ফোনের মাধ্যমে গান, রিং টোন, সংবাদ প্রভৃতি সেবা দিয়ে থাকে) লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানান বিটিআরসি প্রধান। ভিওআইপি প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান বলেন, "অবৈধ ভিওআইপি ব্যবসা এখনও হচ্ছে। এটা কমানোর জন্য শুল্ক আরও কমাতে হবে এবং বেআইনি ভি-স্যাট ব্যবহার বন্ধ করতে হবে। ভিওআইপি বিরোধী তৎপরতা বাড়াতে হবে। তবে আমার বিশ্বাস, মোবাইল অপারেটররা এখন আর ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত নেই। তারা এ ব্যাপারে সহাযোগিতা করছে।" বর্তমানে বিটিআরসি যা করছে তা আগেই করা উচিত ছিল জানিয়ে সংস্থার প্রধান বলেন, "এক বছরে বিটিআরসি যা করেছে তাতে 'নিয়ন্ত্রকের' চেয়ে 'সহায়ক' হিসাবে ভূমিকা প্রমাণ করতে পেরেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়ন হলে নারীর ক্ষমতায়ন বাড়বে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবের প্রসঙ্গ টেনে তিনি জানান, মোবাইল খাতে এখন বিশ্বের সবচেয়ে কম শুল্ক নেওয়া হয় বাংলাদেশে, যা গড়ে মাত্র ৭০ পয়সা। প্রতি মাসে গড়ে ১০ লাখ মোবাইল গ্রাহক বাড়ছে। মার্চে বেড়েছে ১৪ লাখ। শুল্ক কমার কারণেই এই সংখ্যা বাড়ছে বলে দাবি করেন তিনি। গত এক বছরের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, "আমাদের মূল উদ্দেশ্য ছিল টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা আনা। টেলিযোগাযোগ খাতের সম্ভাবনাময় দিকগুলো ব্যবহারের চেষ্টা করেছি আমরা। বিটিআরসির বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। দেশে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়েছে।" ২০০৭ সালের ২২ এপ্রিল বিটিআিরসির চেয়ারম্যান পদে যোগ দেন মনজুরুল আলম। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএ/১৪০১ঘ.