২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরের শুরুতেই নির্বাচিত সরকার দেখা যাবে: সিইসি

নির্বাচন পেছানোর কোনও অবকাশ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, ২০০৯ সালের শুরুতেই দেশ নির্বাচিত সরকার দেখবে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া আগামী দুই-তিন দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 06:51 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পেছানোর কোনও অবকাশ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, ২০০৯ সালের শুরুতেই দেশ নির্বাচিত সরকার দেখবে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া আগামী দুই-তিন দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)'র মাল্টিপারপাস হলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন সিইসি। এমআইএসটির মোট ৩৫৩ জন শিক্ষার্থী ১ ডিসেম্বর থেকে ১৪ ফেব্র"য়ারি পর্যন্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কার্যক্রমে অংশ নেয়। সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামসুল হুদা বলেন, "চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এ নিয়ে কোনও সংশয় নেই। নির্বাচন পেছানোর কোনও অবকাশ নেই। ২০০৯ সালের শুরুতেই নব নির্বাচিত সরকার দেখা যাবে।" সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের খসড়া আগামী ২/৩ দিনের মধ্যে প্রকাশ হবে জানিয়ে সিইসি বলেন, "এ সংক্রান্ত খসড়া প্রকাশের পর এ বিষয়ে কোনও দাবি ও আপত্তি এবং রাজনৈতিক দলের মতামত নিয়ে সীমানা পুনঃনির্ধারণ চূড়ান্ত করা হবে।" নির্বাচন কমিশন এ বছরের শুরুতে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু করে। আগামী জুনের মধ্যেই এ কাজ শেষ করার কথা রয়েছে। ভোটার তালিকা তৈরির কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে শামসুল হুদা বলেন, "নির্ধারিত সময়ের আট দিন আগেই ৬ কোটি ভোটারের নিবন্ধনের কাজ শেষ হয়েছে।" এবার নির্বাচনে সম্ভাব্য ভোটার সংখ্যা ধরা হয়েছে ৮ কোটি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামরিক সচিব (সেনাসদর) মেজর জেনারেল মোহাম্মদ শফিকুল ইসলাম ও এমআইএসটির কমান্ডেন্ট মেজর জেনারেল আবদুল ওয়াদুদ। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মোহম্মদ হুমায়ুন কবির, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এফএফ/এমআই/১২৪৪ ঘ.