২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছর পর পার্বত্য ভূমি কমিশন সচল হচ্ছে: দেবাশীষ

দীর্ঘ সাত বছর পর পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই কমিশন পাহাড়ে ভূমির বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে। খাগড়াছড়ি জেলাতে হবে এর সদর দপ্তর। অন্য দুই পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানে কমিশনের শাখা অফিস থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 05:51 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সাত বছর পর পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই কমিশন পাহাড়ে ভূমির বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে। খাগড়াছড়ি জেলাতে হবে এর সদর দপ্তর। অন্য দুই পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানে কমিশনের শাখা অফিস থাকবে। প্রধান উপদেষ্টার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। দেবাশীষ রায় বলেন, "ভূমি কমিশনকে সক্রিয় করতে শিগগিরই পার্বত্য আঞ্চলিক পরিষদের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট আইনটি পর্যালোচনা করা হবে। প্রয়োজনে আইনটি সংশোধন করে কমিশনের চেয়ারম্যান ও লোকবল নিয়োগ এবং অর্থ বরাদ্দ করা হবে।" তিনি বলেন, "পার্বত্য ভূমি কমিশন যাতে এই সরকারের আমলেই সচল হয়, সরকার সে জন্য ব্যবস্থা নেবে। ভূমি কমিশনকে কার্যকর করার জন্য একজন চেয়ারম্যান ও দুজন সদস্যকে সার্বক্ষণিকভাবে নিয়োগ দিতে হবে। এছাড়া কমিশন যেন পার্বত্য অঞ্চলে ভূমির বিরোধ মেটাতে প্রতিদিন বিচারিক কাজে বসে, সে দিকেও লক্ষ্য রাখা হবে।" ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী ২০০১ সালে সরকার ভূমি কমিশন গঠন করে। তবে লোকবলের অভাব, অর্থ বরাদ্দ না থাকায় এবং অবকাঠামোগত সমস্যার কারণে এতদিন এই কমিশন কার্যক্রম শুরু করতে পারেনি। বিশেষ সহকারী জানান, পাহাড়ে জমির বন্দোবস্ত কি প্রক্রিয়ায় দেওয়া হবে, বাঙালিদের জমির বন্দোবস্ত বাতিল করা হলে তাদের পুনর্বাসনের প্রয়োজন হবে কি না - এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। আর ভূমির বিরোধ নিস্পত্তির জন্য পাহাড়ে মৌজাভিত্তিক জরিপ (ক্যাডেস্ট্রাল সার্ভে) করার প্রয়োজন পড়বে না। বরং ভূমির বিরোধ অনেকটা নিষ্পত্তির পর আধুনিক পদ্ধতিতে এই জরীপ চালানো হবে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে যেহেতু বাঙালি অভিবাসী এবং ভারত প্রত্যাগত পাহাড়ি শরণার্থীর সংখ্যা বেশী, সেহেতু সেখানে ভূমির বিরোধও বেশী। এ কারণে সরকারের পরিকল্পনায় রয়েছে, সেখানেই ভূমি কমিশনের সদর দপ্তর বসানোর। তবে রাঙামাটি ও বান্দরবানে কমিশনের শাখা অফিস থাকবে। আর ভূমির বিরোধ সংক্রন্ত অভিযোগ তদন্ত করার জন্য কমিশনের অধীনে একাধিক তদন্ত কর্মকর্তা থাকবে বলেও তিনি জানান। কমিশন পাহাড়ি-বাঙালি সবার ভূমি অধিকার নিশ্চিত করবে- জানিয়ে রাজা দেবাশীষ রায় বলেন, "কমিশন পাহাড়িদের প্রচলিত রীতি-নীতি ও ঐতিহ্য বজায় রেখে কাজ করবে। ঐতিহ্য অনুযায়ী পাহাড়িদের জমির দলিল থাকতে হবে- এমনটি নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১১৪১ ঘ.