ঝিনাইদহ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঝিনাইদহের একটি আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোকেয়া বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনির, আব্বাস, ফিরোজ ও মিন্টু। এদের সবার বাড়ি কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামে। তারা সবাই বর্তমানে কারাগারে আছেন।
২০০৬ সালের ১৯ নভেম্বর রাতে দণ্ডপ্রাপ্তরা কোটচাঁদপুরের কুশনা গ্রামে নৈশ প্রহরীকে বেঁধে রেখে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ সময় নৈশ প্রহরী মনির ও মিন্টুকে চিনে ফেলেন। কোটচাঁদপুর থানায় মামলা হওয়ার পর এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে।
মিন্টু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24