মানিকগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলার সানোয়া ইউনিয়নের ঝাউবাধা গ্রামে সোমবার সকালে একই পরিবারের দুই ভাই মারা গেছে। ওই পরিবারের আরও তিনজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় এমনটা হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
মৃতরা দুই ভাই হল- ছিদ্দিক (৬) ও খোরশেদ আলম (৯)। অসুস্থরা হল- হালিমা (৩), খোদেজা বেগম (৩৫) ও সাইফুল (১৮)।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. ফজলুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যান এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে তারা সেখান থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করেন।
ডা. ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে ওই দলের সদস্য স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাদ্যে বিষিক্রিয়ার কারণেই দুইজন মারা গেছে এবং বাকীরা অসুস্থ হয়ে পড়ছে বলে তারা ধারণা করছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ঝাউবাধা গ্রামের আবদুল হাকিম (৪৫) তার স্ত্রী খোদেজা বেগম, ছেলে খোরশেদ আলম, ছিদ্দিক, মেয়ে হালিমা, মা হাজেরা বেগম (৬০) ও লজিং মাস্টার সাইফুল পাঙ্গাস মাছ এবং লাউয়ের তরকারি দিয়ে ভাত খান।
সোমবার সকাল ৮টার দিকে আবদুল হাকিম ও তার মা বাদে বাকী সবাই অসুস্থবোধ করেন। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে তারা ক্রমাগত বোমি করতে থাকেন। এ অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে ছিদ্দিক মারা যায়। তার ভাই খোরশেদ আলম মারা যায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়।
খোদেজা, হালিমা ও সাইফুল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও শংকামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24