ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২৬ কোটি ৫০ লাখ ডলারে আটটি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ বিমান মঙ্গলবার বোয়িং এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
৮টি উড়োজাহাজ কেনার জন্য বিমান ও বোয়িংয়ের মধ্যে গত ১৫ মার্চ সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী, বিমান বোয়িংয়ের কাছ থেকে পর্যায়ক্রমে চারটি ৭৭৭-৩০০ ইআর এবং চারটি ৭৮৭-৮ সিরিজের উড়োজাহাজ কিনবে।
উড়োজাহাজগুলোর দাম পড়বে মোট ১২৬ কোটি ৫০ লাখ ডলার। এর ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের কাছ থেকে ১২ বছর মেয়াদে ঋণ নেবে বিমান কর্তৃপক্ষ। এছাড়া কয়েকটি দেশি ব্যাংকের একটি কনসোর্টিয়ামের কাছ থেকে বাকি ১৫ শতাংশ ঋণ পাওয়া যাবে।
প্রস্তাব অনুযায়ী, বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে। আর চারটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ বিমান হাতে পাবে ২০১৭ সালের নভেম্বরের মধ্যে।
বর্তমানে বিমানের উড়োজাহাজ বহরে চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস, একটি বোয়িং-৭৪৭ এবং তিনটি এফ-২৮ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/১৯৫৬ ঘ.
bdnews24