২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করা কঠিন হবে: মরিয়ার্টি

জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। সোমবার গুলশানের আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তবে এ বছরের শেষ নাগাদ বাংলাদেশে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। সোমবার গুলশানের আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সকালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পরিচয়পত্র পেশ করেন মরিয়ার্টি। গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের ১৩তম রাষ্ট্রদূত হিসেবে তিনি বাংলাদেশে পৌঁছান। সংবাদ সম্মেলনে মরিয়ার্টি বলেন, "জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত কঠিন হবে। তবে আমরা আশা করি, এ বছরের শেষ নাগাদ যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।" তিনি বলেন, "বাংলাদেশের বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র ২০০৮ সালের শেষ নাগাদ অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানায়।" তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের প্রশংসা করে মরিয়ার্টি বলেন, ২০০৭ এর জানুয়ারি মাসে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দয়িত্ব নেয়ার পর যেসব কর্মসূচি নিয়েছে তাতে দুর্নীতি কমেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা হয়েছে। অল্প সময়ের মধ্যে অনেক কাজ সম্পন্ন হলেও আরো অনেক কাজ বাকি রয়েছে। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুক্তির দাবি সম্পর্কে মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, "তাদের বিরুদ্ধে আনা অভিযোগের অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় এসব বিচার কাজ পরিচালনা করা উচিত। দোষী না হলে তাদের দুজনকেই মুক্তি দেওয়া উচিত।" যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মতে, সুশাসনের অভাবেই বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে। তিনি বলেন, "আমরা (যুক্তরাষ্ট্র) গভীরভাবে মৌলবাদের উত্থানের বিষয়টি পর্যবেক্ষণ করছি। সুশাসন ও উন্নয়নের অভাব এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে বলে মনে হয়েছে আমার। সুশাসনের অভাব সন্ত্রাসবাদকে সুযোগ করে দেয়।" তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো- গণতন্ত্র, উন্নয়ন ও সন্ত্রাসবাদের বিরোধিতা। আমি মনে করি, এই তিনটি বিষিয়ই বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ এবং আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" মরিয়ার্টি জানান, বাংলাদেশের সীমান্ত ও বন্দর নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া টেকসই উন্নয়নের ব্যপারেও যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর মরিয়ার্টিকে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোনীত করেন। এ বছরের ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের সিনেট তাকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়। ২৬ মার্চ পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস ওয়াশিংটনে রাষ্ট্রদূত মরিয়ার্টিকে শপথ পড়ান। মরিয়ার্টি এর আগে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমওয়াই/টিএইচ/জেকে/১৯২৫ ঘ.