২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে অগ্রণী ব্যাংকের 'কোটিপতি' পিয়নের ১৩ বছর কারাদণ্ড

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে অগ্রণী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার 'কোটিপতি পিয়ন' হিসেবে পরিচিত মো. আনোয়ার হোসেনকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে অগ্রণী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার 'কোটিপতি পিয়ন' হিসেবে পরিচিত মো. আনোয়ার হোসেনকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। রায়ে আসামির ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আসামি আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। তার আত্মসমর্পণ অথবা আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। এছাড়া অবৈধভাবে অর্জিত তার সব সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বাদি হয়ে আনোয়ারের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামি কমিশনে জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীর বাইরে ৭৯ লাখ ৬১ হাজার ৭০২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এর মধ্যে ৬৭ লাখ ৯৪ হাজার ৫৬৭ টাকার সম্পত্তি তিনি অবৈধভাবে অর্জন করেছেন। আনোয়ারের বৈধ আয় ১১ লাখ ৬৭ হাজার ১৪১ টাকা। গত ১৬ এপ্রিল আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটিতে ২৪ জন সাক্ষ্য দেয়। মাত্র চারটি কার্য দিবসে এ মামলার রায় হয়। সংসদ ভবনে স্থাপিত আদালতে এ মামলার বিচার কাজই এখন পর্যন্ত সংক্ষিপ্ততম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮১৪ ঘ.