ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে মৌলবাদের উত্থানের কারণ হিসেবে সুশাসনের অভাবকে দায়ী করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
সোমবার গুলশানের আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মরিয়ার্টি বলেন, "আমরা (যুক্তরাষ্ট্র) গভীরভাবে মৌলবাদের বিষয়টি পর্যবেক্ষণ করছি। সুশাসন ও উন্নয়নের অভাব এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে মনে হয়েছে আমার। সুশাসনের অভাব সন্ত্রাসবাদকে সুযোগ করে দেয়।"
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো- গণতন্ত্র, উন্নয়ন ও সন্ত্রাসবাদের বিরোধীতা।"
গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের ১৩তম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পৌঁছান মরিয়ার্টি।
প্রেসিডেন্ট জর্জ বুশ ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর মরিয়ার্টিকে বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনীত করেন। এ বছরের ১৩ মার্চ যুক্তরাষ্ট্র সিনেট রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দেয়। ২৬ মার্চ পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস ওয়াশিংটনে রাষ্ট্রদূত মরিয়ার্টিকে শপথবাক্য পাঠ করান।
মরিয়ার্টি এর আগে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নেপালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমওয়াই/টিএইচ/জিএনএ/১৭৩০ ঘ.
bdnews24