২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক অসুস্থ থাকায় জরুরি ক্ষমতা আইনে জামিন প্রশ্নে রায় হয়নি

জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তের জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর সোমবার রায় দেয়নি সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের কার্যতালিকার এক নং ক্রমিকে আপিলটি রায় প্রদানের জন্য অন্তর্ভূক্ত ছিল। কিন্তু বিচারপতি হাসান আমিন অসুস্থতার কারণে দুই দিনের ছুটি নেওয়ায় রায় দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 04:38 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তের জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর সোমবার রায় দেয়নি সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের কার্যতালিকার এক নং ক্রমিকে আপিলটি রায় প্রদানের জন্য অন্তর্ভূক্ত ছিল। কিন্তু বিচারপতি হাসান আমিন অসুস্থতার কারণে দুই দিনের ছুটি নেওয়ায় রায় দেওয়া হয়নি। প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের সোমবার এই রায় প্রদান করার কথা ছিল। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন বিচারপতি ছুটি নিয়েছেন। তাই আপিলটির ওপর রায় দেওয়া হয়নি।" জামিনের আবেদনকারী মাইজউদ্দিনের আইনজীবী আবদুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিলটির ওপর সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে রায় দেওয়ার জন্য নির্ধারিত ছিল। কিন্তু বিচারপতি হাসান আমিন অসুস্থতার কারণে দুই দিনের ছুটি নিয়েছেন। তাই দুই দিন পরে এ রায় দেবেন আপিল বিভাগ।" গত বছর ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জামিনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়। এরপর ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা মামলায় খুলনার তেল ব্যবসায়ী মাইজউদ্দিন সিকদার হাইকোর্টে গত বছর ২৯ মার্চ জামিন আবেদন করেন। এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আপত্তি জানিয়ে বলা হয়, জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালায় উচ্চ আদালত জামিন দিতে পারবে কিনা এ প্রশ্ন নিয়ে হাইকোর্ট তখন বিস্তারিত শুনানি গ্রহণ করেন। গত বছর ২২ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা ও জামিন প্রদান করতে পারবে বলে রায় দেন। আদালত মাইজউদ্দিনকে জামিনও দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করলে গত বছর ২০ সেপ্টেম্বর আপিল বিভাগ লিভ মঞ্জুর করে। সরকারকে নিয়মিত আপিল করতেও তখন নির্দেশ দিয়েছিল আদালত। সরকার পরে নিয়মিত আপিল দায়ের করে। গত ১৫ এপ্রিল এ আপিলের শুনানি গ্রহণ শেষ করেছিল আপিল বিভাগ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। জামিন আবেদনকারী মাইজউদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এর আগে গতবছর ২৪ মে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছিল আপিল বিভাগ। তবে মাইজউদ্দিনের জামিন আদেশ স্থগিত করেনি আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১০৩৩ ঘ.