ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর রায়েরবাজারে প্রায় ২৫ লাখ টাকার ভিওআইপি যন্ত্রপাতি উদ্ধার করেছে র্যাব। অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার এহসান সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবের একটি দল রোববার রাতে রায়েরবাজারের ৪/সি নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৬টি সুইচ বোর্ড, ৭২টি টেলুলারসহ অসংখ্য সিমকার্ড। জব্দকৃত যন্ত্রপাতির দাম প্রায় ২৫ লাখ টাকা। রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জামাল হোসেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০২০ঘ.
bdnews24