খুলনা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূয়া প্রকল্প দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান ও তার স্ত্রী মনোয়ারা লায়লা আর্জুমান বানুসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার গভীর রাতে সিটি করপোরেশনের মিউনিসিপাল সার্ভিস প্রজেক্ট (এমএসপি) এর সহকারী (সাময়িক বরখাস্ত) এস এম হাফিজুর রহমান খুলনা সদর থানায় মামলাটি করেন।
এ নিয়ে মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে ১৪ টি মামলা হলো। তবে এই প্রথম কোন মামলায় আসামি করা হল তার স্ত্রীকে।
মেয়র ও তার স্ত্রী ছাড়া অপর আসামিরা হলেন- মেয়রের দুই ভাগ্নে কাজী শওকত হোসেন ঠান্ডু ও কাজী সাখাওয়াত হোসেন রেন্টু, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. লিয়াকত আলী শরীফ, নির্বাহী প্রকৌশলী-১ ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী-২ মো. লিয়াকত আলী খাঁন এবং ভূয়া প্রকল্পের সঙ্গে জড়িত সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, ওয়ার্ক এ্যাসিস্টেন্ট, সহকারী ভাণ্ডার কর্মকর্তা, ভাণ্ডার রক্ষক, পানি সরবরাহ তত্ত্বাবধায়ক, সুপারভাইজার ও প্রধান মিস্ত্রী।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের পানি সবরাহ বিভাগের পানি বিশুদ্ধকরণে নতুন একটি প্রকল্প দেখিয়ে ক্লোরিন গ্যাস কেনার নামে প্রায় ১০ কোটি ১৫ লাখ টাকা অর্থ আত্মসাত করা হয়েছে। নতুন এই প্রকল্পের অস্তিত্ব না থাকলেও মেয়রের স্ত্রী মনোয়ারা লায়লা আর্জুমান বানু ও ভাগ্নে কাজী শওকত হোসেন ঠান্ডুর নামে দেখানো সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে ভূয়া বিল তৈরি করে সিটি করপোরেশনের তহবিল থেকে এই অর্থ তুলে নেওয়া হয়।
মেয়র শেখ তৈয়েবুর রহমান, তার স্ত্রীর ও দুই ভাগ্নে এই অর্থ আত্মসাত করেন। এর সঙ্গে জড়িত থেকে অর্থের ভাগ নিয়েছেন অপর আসামিরা।
গত বছর মেয়র তৈয়েবুরকে ঢাকায় তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এর আগে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। এ ছাড়া চাঁদাবাজির অভিযোগে হয়েছে ১১টি মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24