২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরম থেকে কিছুটা মুক্তি মিলতে পারে মাসের শেষে

দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ সোমবারও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, এপ্রিলের শেষভাগে ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। এর আগ পর্যন্ত গরমের যন্ত্রণা থেকে রেহাই নেই দেশবাসীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ সোমবারও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, এপ্রিলের শেষভাগে ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। এর আগ পর্যন্ত গরমের যন্ত্রণা থেকে রেহাই নেই দেশবাসীর। রোববার চূয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরম আরও বাড়তে থাকবে। তবে এ মাসের শেষ দিকে ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে।" তিনি জানান, সূর্য ক্রমেই কর্কট ক্রান্তি রেখার দিকে এগিয়ে আসায় দিনের দৈর্ঘ্য বাড়ছে। বৃষ্টি বা মেঘ না হলে এ সময় বেশি গরম অনুভূত হয়। আবহাওয়া অফিস জানায়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ আবাহাওয়া মূলত শুষ্ক থাকবে। এছাড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী ও সিলেট বিভাগের দুই-একটি জায়গার ওপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। রোববার ময়মনসিংহে ৩৫, টাঙ্গাইলে ৩৭ দশমিক ৬, ফরিদপুরে ৩৭ দশমিক ৫, মাদারীপুরে ৩৬ দশমিক ৫, রাজশাহীতে ৩৭ দশমিক ২, কুমিল্লায় ৩৫, চাঁদপুরে ৩৫ দশমিক ৬, নোয়াখালীতে ৩৬ দশমিক ৪, শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৬, রাজশাহীতে ৩৯ দশমিক ৪, ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৬, বগুড়ায় ৩৭ দশমিক ৫, রংপুরে ৩৫ দশমিক ১, দিনাজপুরে ৩৬ দশমিক ৩, খুলনায় ৩৭, মংলায় ৩৭ দশমিক ২, সাতক্ষীরায় ৩৭ দশমিক ৪, যশোরে ৩৯, বরিশালে ৩৬ দশমিক ৩, পটুয়াখালীতে ৩৬ দশমিক ৭ এবং ভোলায় ৩৫ দশমিক ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জেলায় জ্বর, আমাশয়, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। আমাদের পাবনা প্রতিনিধি জানান, গত কয়েকদিনের তাপপ্রবাহে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। নানা বয়সের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিদ্যুৎ সঙ্কটের কারণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানির অভাব। প্রচণ্ড গরমে জ্বর, আমাশয়, ডায়রিয়া, নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৩৫ জন। পটুয়াখালী প্রতিনিধি জানান, পুরো দক্ষিণাঞ্চল জুড়ে মুদু তাপদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পটুয়াখালী শহরে পানি সরবরাহ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রাহাত হোসেন জানান, রোববার বিকেলে জেলায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা এ পটুয়াখালীতে এ পর্যন্ত বছরের সর্বোচ্চ তাপমাত্রার। এদিকে শনিবার সকাল থেকে পৌরসভার পানি সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচটি পানির পাম্পের মধ্যে একটি পুড়ে গেছে। দুইটি কম ভোল্টেজের কারণে বন্ধ আছে। বাকি দুটি দিয়ে খুব সামান্য পানি সরবরাহ করা যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/ডিডি/এসএনডি/জেকে/২১৪০ ঘ.