ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামীর মধ্যে চার জনকে খালাস ও একজনের দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের বেঞ্চ রোববার এ রায় দেয়।
খালাস পাওয়া আসামীরা হলেন আজিম উদ্দিন মাহমুদ, কামরুল হাসান টিটু, মোবারক ও জাহাঙ্গীর আলম। একমাত্র দীপক ভোলার ফাঁসির আদেশ বহাল রেখেছে আদালত।
মামলায় তিন বছরের সাজা পাওয়া আসামী পরিতোষ রক্ষিত, আবদুর হামিদ, ইরফান চৌধুরী, অরুণ রক্ষিত, বরুণ রক্ষিত, সরোজ গুহ ও কাজল রক্ষিতকেও খালাস দেওয়া হয়েছে।
২০০৩ সালের ১৯ এপ্রিল রাতে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি সড়ক থেকে বাসায় ফেরার পথে খুন হন অ্যাডভোকেট মৃদুল কান্তি রক্ষিতের ছেলে শ্রীকান্ত রক্ষিত। তার গলাকাটা লাশ হাটহাজারী থানার শিকারপুর গ্রামের লালচন্দ্র বিলের ধান ক্ষেত থেকে পরে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০ এপ্রিল শ্রীকান্তের মা শিখা রক্ষিত ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মামলার আসামীরা তার ছেলেকে খুন করে বলে অভিযোগ করেন শিখ রক্ষিত।
এ মামলায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল ২০০৪ সালের ১০ জুন আসামী আজিম উদ্দিন মাহমুদ, কামরুল হাসান টিটু, মোবারক, জাহাঙ্গীর আলম ও দীপক দত্ত ভোলাকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া, পরিতোষ রক্ষিত, আবদুর হামিদ, ইরফান চৌধুরী, অরুণ রক্ষিত, বরুণ রক্ষিত, সরোজ গুহ ও কাজল রক্ষিতকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইবুনাল মামলার অন্য আসামী সাবেক সাংসদ এ বি এম ফজলে করিম, এলাহী জান, অমিত রক্ষিত, অপরূপ রক্ষিত ও সাহাবুদ্দিন সাবুকে বেকসুর খালাস দেন।
এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পাওয়া আসামীরা হাইকোর্টে জেল আপিল করে। কারাদণ্ড পাওয়া আসামীদের পক্ষ থেকে ফৌজদারি আপিল করা হয়। অন্যদিকে, খালাস পাওয়া আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। এসব আবেদন একসঙ্গে শুনানি করে রোববার রায় দিয়েছে হাইকোর্টে।
আদালত সাবেক সাংসদ ফজলে করিমসহ এর আগে খালাস পাওয়া আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২০৩৫ ঘ.
bdnews24